২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ালো ভারত

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে আবারো পণ্যটির ন্যূনতম রপ্তানি মূল্য আরোপ করে ৩০০ ডলার নির্ধারণ করেছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রলায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেঁয়াজের রপ্তানি মূল্য আরোপের খবর জানানো হয়।

তবে দেশি পেঁয়াজের মজুত ও চাহিদার মধ্যে সামঞ্জস্য থাকায় শিগরিরই বাংলাদেশের পেঁয়াজের বাজারে ভারতের এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে না বলে মনে করেন স্থানীয় পেঁয়াজ আমদানিকারকরা।

গত মাসে বিদায় নেয়া আগের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে ব্যাপক জন অসন্তোষ তৈরির প্রেক্ষাপটে নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

গত মার্চে পাঁচ মাসের মধ্যে গড় মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় আগের সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করার তিন মাস পর নতুন সরকার আবারো তা আরোপ করলো।

মার্চের প্রথম সপ্তাহে ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করার আগে পেঁয়াজের দাম ছিল টনপ্রতি ১৫০ ডলার।  সে হিসাবে এখন ভারতের পেয়াজের রপ্তানি মূল্য বেড়ে দ্বিগুন হলো।

এবিষয়ে ভারতের কৃষিপণ্য বাজারজাতকারী কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ন্যাফেড) একটি নির্দেশনা বৃহস্পতিবার পেট্টাপোল এলসি স্ট্রেশনে পৌঁছেছে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর সিএ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে ভারতের বাজারে আলু-পেঁয়াজের দাম উধ্বমুখী। ক্রমবর্ধমান মূল্যের উর্ধ্বগতি ঠেকানোর লক্ষ্যে পেঁয়াজ রপ্তানিকে নিরুৎসাহিত করতে দাম বাড়ানো হয়েছে।

কার্ত্তিক বলেন, “গত মাস থেকে ভারতে পেঁয়াজের সংকট চলছিল। দক্ষিণ ভারতের নতুন পেঁয়াজের আগমনও পেঁয়াজের মূল্য কমাতে পারেনি।”

তবে ভারত পেঁয়াজের দাম বাড়ালেও দেশি পেঁয়াজের সরবরাহের কারণে আগামী একমাস বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন যশোরের আমদানিকারক ‘আহমেদ এন্টারপ্রাইজের’ ব্যবস্থাপক তুহিন সাহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে এখন দেশি পেঁয়াজের ব্যাপক চাহিদা রয়েছে। দেশি পেঁয়াজ বাজারে আরও এক মাস থাকবে। এরপর বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে।

বাজারে দেশি পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

খুলনার পেয়াজ আমদানিকারক সুজা এন্টারপ্রাইজের মালিক মিল্টন সাহা বলেন, গত সপ্তাহে কলকাতা থেকে মাঝারি মানের পেঁয়াজ প্রতি কেজি কিনতে হচ্ছিল ১৪-১৫ টাকায়। বন্দরের আনুষঙ্গিক খরচসহ দাম ছিলো ১৯/২০ টাকা। অথচ দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে।

“এই অবস্থায় নতুন দামে পেঁয়াজ আমদানি করলে পুঁজি হারাতে হবে।”

বেনাপোল স্থলবন্দর দিয়ে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের পেঁয়াজ আমদানি কমেছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্কভবনের যুগ্ম-কমিশনার সৈয়দ আতিকুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ হাজার ২৬৪ টন পেঁয়াজ কম  আমদানি হয়েছে। ২০১২-১৩ অর্থবছরের ১০ মাসে বন্দর দিয়ে ৪৬ হাজার ৯১৬ দশমিক ৩৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়। ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে মাত্র ২৪ হাজার ৬৪৮ দশমিক ৩৩ মেট্রিকটন।

সৈয়দ আতিকুর বলেন, “বাজারে এখন পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ রয়েছে। চাহিদা না থাকায় ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দিয়েছেন।”