২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেকো’ ও ‘গ্রুনডিগ’ বাংলাদেশে

ইউরোপের অন্যতম শীর্ষ হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘বেকো’ এবং ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘গ্রুনডিগ’ বাজারে নিয়ে এসেছে সিঙ্গার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 09:23 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ দুই ব্র্যান্ডের ১০টি পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মুফতুওলু।

বাংলাদেশে বেকো ও গ্রুনডিগের একমাত্র পরিবেশক সিঙ্গার।

বেকো ও গ্রুনডিগ তুরষ্কের শীর্ষ স্থানীয় গ্রুপ আর্চেলিক- এর দুটি ব্র্যান্ড। আর্চেলিকের বিশ্বের পাঁচটি দেশে ১৪টি উৎপাদন সুবিধা রয়েছে।

অন্যদিকে সিঙ্গারের বাংলাদেশে রয়েছে ৩৭১টি সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস আউটলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গার এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাভিন জে ওয়াকার, আর্চেলিক- এর প্রজেক্ট ম্যানেজার গুরহান গুনাল, মার্কেটিং ম্যানেজার সিহান চেহান, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম রাহমাতউল্লাহ এবং মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার রাজিউর রহমান।

ইউরোপের অন্যতম শীর্ষ হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড গ্রুনডিগের পণ্য এখন বাংলাদেশের সিঙ্গার আউটলেট থেকে কিনতে পারবেন ক্রেতারা।

বেকো বাংলাদেশের বাজারে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ড্রেসার, ডিশওয়াশার এবং ওভেন বিক্রি করবে।

গ্রুনডিগ বিপণন করবে এলইডি টিভি, ইলেকট্রনিক্স পণ্য এবং ছোট পরিসরে হোম অ্যাপ্লায়েন্স পণ্য।

গ্যাভিন  ওয়াকার বলেন, সিঙ্গার ধনী-গরীব সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে পণ্য উৎপাদন করে। এছাড়া এসব পণ্য ক্রয়ে ভোক্তাদের কিস্তি সুবিধাও দেওয়া হয়।
 
“আমাদের সব আউটলেটে ইন্টারনেট সংযোগ থাকায় লেনদেনে অনেক সুবিধা পাওয়া যায়। আগামী বছর ঢাকা ও চট্টগামে বেকোর আলাদা আউটলেট চালু করা  হবে।”
 
হামিম রাহমাতুল্লাহ বলেন, বাংলাদেশে স্মার্ট প্রযুক্তি নির্ভর, আরও কার্যকরী, অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এবং পরিবেশবান্ধব হোম অ্যাপ্লায়েন্স পণ্যের চাহিদা বাড়ছে।

“বেকো ও গ্রুনডিগের মতো বিশ্বমানের ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের ক্রেতাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।”

 আর্চেলিক-এর প্রজেক্ট ম্যানেজার গুরহান গুনাল বলেন, বিশ্বজুড়ে বেকো ও গ্রুনডিগের পণ্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

“এত অল্প সময়ে এ ধরনের জনপ্রিয়তা পাবো তা কখনও আশা করি নি।”

‘বর্তমানে ১০০ দেশে এ পণ্য বিক্রি করা হচ্ছে’ জানিয়ে তিনি বলেন, বেকোর ফ্রিজ পশ্চিম ইউরোপে সবচেয়ে জনপ্রিয় পণ্য। ইউরোপের মতো আমাদের পণ্য বিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।