নেপালের বাজারে ওয়ালটন
নেপালের বাজারে মোবাইলসহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে যাচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
মঙ্গলবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাশ্রয়ী মূল্য হওয়ায় ওয়ালটনের সামনে নেপালের বাজারে আধিপত্য বিস্তারের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। সেই প্রবল সম্ভাবনাকে কাজে লাগিয়ে মোবাইলসহ অন্যান্য পণ্য বিপণনে সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে ওয়ালটন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে নেপালের বাজারে রপ্তানি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন এবং এয়ারকন্ডিশনার।
নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি খান মো. মইনুল হোসেনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাজারে প্রতিদ্বন্দ্বী এলজি এবং স্যামসাং ব্র্যান্ডের পণ্যের চেয়ে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যমূল্য খুবই কম। আবার মানের দিকে থেকে ওয়ালটন খুবই ভালো। সবমিলিয়ে ওয়ালটনের সামনে সুযোগ রয়েছে এখাতে নেপালের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের।
“বিনা শুল্কে নেপালে পণ্য প্রবেশের ব্যপারে খুব শিগগিরই নেপালের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হতে যাচ্ছে। সেখানে আমরা ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছি। সেটি কার্যকর হলে নেপালে ওয়ালটন পণ্যের দাম আরো কমে যাবে।”
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষ থেকে নেপালে ১৭৪ টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হয়েছে এর মধ্যে ৭৪ টির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে নেপাল।
