নারীর অবদানকে স্বীকৃতি দিতে বিবিএফের পুরস্কার
পুরস্কার দিয়ে বিভিন্ন পেশা ও স্তরের নারীদের অবদানকে স্বীকৃতি দেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।
‘আরএফএল ইন্সপায়ারিং উইম্যান অ্যাওয়ার্ড’ নামে এ উদ্যোগে সহযোগিতা করবে শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিবিএফের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম।
তিনি জানান, নারী উদ্যোক্তা, ভবিষ্যতে নারী নেতৃত্বে থাকতে পারেন, নারী পেশাজীবীসহ বিভিন্ন পেশায় যেসব নারী অবদান রাখছেন মূলত তাদের অবদানকে স্বীকৃতি দিতেই এ আয়োজন।”
“এসব কাজে অবদান রাখা নারীদের স্বীকৃতি দিয়ে ভবিষ্যত প্রজন্মকে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।“
তিনি বলেন, “নারী অবদানের স্বীকৃতি দেয়া ছাড়াও দুজন এমন পুরুষকেও সম্মানিত করা হবে যাদের কারণে কোনো নারী ‘উপরে উঠতে’ পেরেছেন অথবা যার কারণে নারীর ক্ষমতায়ন হয়েছে।”
তবে সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী সেপ্টেম্বরে পুরস্কার বিতরণ করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএলের পরিচালক (ফিন্যান্স) উজমা চৌধুরী জানান, এ আয়োজনের উদ্দেশ্য এমন সব নারীদের সামনে নিয়ে আসা যাদের এতদিন কোনো স্বীকৃতি ছিল না।
“তাদেরকেদেখে ভবিষ্যতে আরো অনেকেই উত্সাহিত হবে এবং ভবিষ্যতে অবদান রাখতে এগিয়ে আসবে।”
