২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা প্রকল্পে স্থানীয় ঠিকাদারদের বিশেষ সুবিধা

পদ্মা সেতু নির্মাণে যে সব স্থানীয় ঠিকাদার অংশ নেবে, পণ্য আমদানি বা অন্যান্য কাজে তাদের জন্য ব্যাংকের একক ঋণগ্রহণ সীমা (সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট) কার্যকর হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পে স্থানীয় ঠিকাদারদের বিশেষ সুবিধা দিয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ব্যাংক গ্যারান্টির এই শর্ত শিথিলের ফলে পদ্মা সেতু প্রকল্পে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকগুলো তাদের মূলধনের ২০ শতাংশের বেশি ‘নন-ফান্ডেড’ ঋণ দিতে পারবে।

এই পদক্ষেপের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে।

“এক্ষেত্রে সরকারি-বেসরকারি যেসব প্রতিষ্ঠান এই সেতু নির্মাণ কাজের সঙ্গে জড়িত, তাদের অর্থায়ন সহজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।”

চলতি বছরের ১৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে একক ঋণগ্রহণের সীমা বেঁধে দেয়।

সে অনুযায়ী, কোনো একক ব্যক্তি বা গ্রুপকে একটি ব্যাংক তার মূলধনের ৩৫ শতাংশের বেশি অর্থায়ন করতে পারবে না।

অর্থাৎ কোনো ব্যাংকের মূলধন ১০০ টাকা হলে ওই ব্যাংক তার একজন ব্যক্তি গ্রাহক বা প্রাতিষ্ঠানিক গ্রাহককে সর্বোচ্চ ৩৫ টাকা ঋণ দিতে পারবে। এই ৩৫ শতাংশ ঋণের মধ্যে ১৫ শতাংশ পর্যন্ত ফান্ডেড বা নগদ অর্থ এবং ২০ শতাংশ পর্যন্ত নন-ফান্ডেড বা পণ্যের বিপরীতে ঋণ দেয়া যাবে।

সোমবারের সার্কুলারে বলা হয়, “জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব এবং এক্ষেত্রে সরকারের অগ্রাধিকার বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ব্যাংকগুলো কর্তৃক ব্যাংক গ্যারান্টি প্রদান বা ইস্যুর ক্ষেত্রে ওই সার্কুলারের নির্দেশনা প্রযোজ্য হবে না।”

এস কে সুর বলেন, এর আগেও জাতীয় প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এই ধরনের উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং ভোগ্যপণ্য আমদানি সহজ করার জন্য এ ধরনের অর্থায়ন সুবিধা দেয়া হয়েছিল।

পদ্মা সেতু নির্মিত হলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এক থেকে দেড় শতাংশ বাড়বে উল্লেখ করে তিনি বলেন, এটি অবশ্যই জনগুরুত্বপূর্ণ।

বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের মূল কাজের দায়িত্ব ইতোমধ্যে চীনের একটি প্রতিষ্ঠানকে দিয়েছে সরকার। ২০১৮ সালের মধ্যে সেতুর কাজ শেষের আশা করা হচ্ছে।

পুরনো খবর:

পদ্মা সেতু নির্মাণে চীনা কোম্পানিকে কার্যাদেশ
পদ্মা সেতুর নদী সংরক্ষণ বাঁধের কাজ সম্পন্ন
২০১৮ সালে পদ্মা সেতুতে গাড়ি চলবে: প্রধানমন্ত্রী