২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগের জন্য বাংলাদেশই সেরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগের জন্য পৃথিবীতে বাংলাদেশই এখন সবচেয়ে উপযুক্ত জায়গা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 07:13 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি মনে করি, বিনিয়োগের জন্য পৃথিবীতে সবচেয়ে উপযুক্ত জায়গা বাংলাদেশ।

“এখন অনেক বিদেশি বিনিয়োগকারী যেমন নিবন্ধিত হচ্ছে, তেমনি আমরা বিনিয়োগের জন্য উৎসাহিত করছি।”

এসময় দেশি-বিদেশি ও প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই আমাদের লক্ষ্য। এছাড়া দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগ এবং প্রবাসী বাংলাদেশিরা যাতে বিনিয়োগ করতে পারে তার জন্যে আরা বিভিন্ন সুযোগ দিয়েছি।”

প্রবাসীদের বিভিন্ন অ্যাকাউন্ট খোলার  কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী ফরেন কারেন্সি হিসাব-নন রেসিডেন্ট, রেসিডেন্ট, বন্ডেড ওয়্যারহাউজ , আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এবং স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠানের উদ্যোগে জয়েন্ট ভেঞ্চার এফসি হিসাবের উদাহরণ টানেন।

বিনিয়োগকারীদের আকর্ষণে উদ্যোগের বিষয়ে শেখ হাসিনা বলেন, “বিদেশি বিনিয়োগকারীরা যে অর্থ এখানে বিনিয়োগ করে যে লাভ হবে, তা তাদের দেশে নিয়ে যেতে পারবে। নির্দিষ্ট সময় পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে।

“বিনিয়োগের পরে কাঁচামাল, যন্ত্রপাতিসহ আনুষাঙ্গিক জিনিসগুলো যাতে সহজে নিয়ে আসতে পারে এজন্যে বিশেষ সুবিধা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেওয়া হয়েছে।”

দেশের সার্বিক উন্নয়নে দেশের ছয় বিভাগে ছয়টি, চট্টগ্রাম বিভাগে দুটি এবং যেখানে যেখানে জায়গা পাওয়া যাচ্ছে সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যেসব দেশ বেশি জায়গা চাইবে সে পরিমাণ জায়গা তাদের দিয়ে দেব, সুনির্দিষ্ট জায়গায় যাতে তাদের সুবিধা মতো বিনিয়োগ করতে পারে, শিল্প-কলকারখানা গড়ে তুলতে পারে। যেখানে আমাদের সুবিধা হবে-দেশের কর্মসংস্থান হবে, যার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে।”

বাংলাদেশের মত সবচেয়ে কম খরচে শ্রমিক বিশ্বের কোথাও পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

মহিলা বিনিয়োগকারীদেরও উৎসাহিত করতে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে চট্টগ্রামের পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, “বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ও রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।”
ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের অর্থ দ্রুত পৌঁছানোর পাশাপাশি ট্রেজারি বন্ডের বিনিয়োগ সুবিধা, দেশে বিদেশে রিজার্ভ বিনিয়োগ, এফডিআইকে উৎসাহিত করার পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এছাড়া ফরেন কারেন্সি হিসাব খোলা এবং রেমিটেন্স প্রবাহ বাড়াতে গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র স্থাপন ও বিশেষ বিশেষ সুবিধা দেয়ার পদক্ষেপের কথাও বলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা জানান, সর্বশেষ ২২ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২০ দশমিক শূন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নেয়ার সময় ছিল ৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

এ বিষয়ে সাংসদ সামশুলের আরেক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা বৈদেশিক মুদ্রা খরচ করবো। আমাদের যে রিজার্ভ রয়েছে তাতে দুশ্চিন্তার কিছু নেই।

“খাদ্যে এখন স্বয়ং সম্পূর্ণ। রিজার্ভের কারণে দেশ এখন সম্মানজনক অবস্থায় রয়েছে।”

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রীর জন্যে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলে।