২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ‘ডুপলেক্স বোর্ডের’ চালান আটক

রাজস্ব ফাঁকি দিতে ‘মিথ্যা’ ঘোষণা দিয়ে আমদানি করা ডুপলেক্স বোর্ড (পেপার)-এর একটি চালান আটক করেছে বেনাপোল বন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 09:24 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বেনাপোল বন্দরের ১ নম্বর পণ্যাগারে আটক চালানটির আমদানিকারক চট্টগ্রামের ‘এস কে ইন্ডাস্ট্রিজ’ এবং রফতানিকারক ভারতের ‘কৃষ্ণা টিসু প্রাইভেট লিমিটেড’। আটক পন্য চালানটির দাম ৬৪ লাখ ৭২ হাজার ৯৭৯ টাকা।

গত ১৯ মে ভারত থেকে আমদানি করা ডুপলেক্স বোর্ডের ওজন ১৫০ দশমিক ১৯ মেট্রিক টন। পণ্যটি ছাড় করানোর দায়িত্বে রয়েছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ড ‘প্রভাতি ইন্টারন্যাশনাল’ বলে শুল্ক গোয়েন্দা বিভাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।

বেনাপোল শুল্কভবনের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক ওমর ফারুক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসকে ইন্ডাস্ট্রিজের পণ্য চালানটি আটক করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

তিনি বলেন, “একশ্রেণির অসাধু ব্যবসায়ী মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছেন।

“আটক চালানটির কাগজপত্রে এবং পণ্যে গরমিল আছে।”

ওমর ফারুক জানান, বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের জন্য সরকার শিল্প কারখানার মালিকদের বন্ডের মাধ্যমে (শুল্কমুক্ত) সুবিধায় পণ্য আমদানির সুযোগ দিয়ে থাকে। বন্ডের শর্তানুসারে পণ্য আমদানির পর তা বন্দর থেকে খালাস করে আমদানিকারকরা নিজেদের গুদামে রাখবেন।

পরে বন্ড কমিশনের অনুমতি সাপেক্ষে গুদাম থেকে পণ্য নিয়ে কারখানায় উৎপাদন কাজে ব্যবহার করেন।

উৎপাদিত পণ্য শুধু দেশের বাইরে রপ্তানির কাজে ব্যবহার করবেন। কোনভাবেই ওই পণ্য দেশের বাজারে বিক্রি করা যাবে না।

“কিন্তু কিছু ব্যবসায়ী এই শর্ত ভঙ্গ করে ডুপলেক্স বোর্ড আমদানির পর বন্ড কমিশনের সঙ্গে হাত মিলিয়ে খোলা বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।”

বন্দর ব্যবহারকারীরা জানান, বন্ড দুর্নীতিতে বড় হাত রয়েছে বন্ড কমিশন কর্তৃপক্ষের।

একজন আমদানিকারকের কি পরিমাণ ডুপলেক্স বোর্ড ব্যবহারের চাহিদা রয়েছে তা খোঁজ নিয়ে তাকে সে পরিমাণ বন্ড সুবিধায় আমদানির সুযোগ দেওয়ার কথা। কিন্তু দুর্নীতির মাধ্যমে বন্ড কমিশন চাহিদার চেয়ে বেশি পরিমাণে বোর্ড আমদানির অনুমতি দিচ্ছে ব্যবসায়ীদের।

ফলে অনায়াসে বন্ড জালিয়াতের মাধ্যমে আমদানিকারকরা হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।

১শ’২০ থেকে ৩শ’ জিএসএম ঘনত্বের ডুপলেক্স বোর্ড আমদানির ক্ষেত্রে সরকারকে শুল্ক পরিশোধ করতে হবে।

আর ৩শ’ জিএসএম থেকে শুরু করে উপরের ঘনত্বের কাগজ গুলি আমদানির ক্ষেত্রে কেবল আমদানিকারকরা বন্ড সুবিধা পাবেন।

তবে যাদের বন্ড লাইসেন্স আছে কেবল তারাই বন্ড সুবিধায় ডুবলেক্স বোর্ড আমদানির সুযোগ পাবেন বরে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল শুল্কভবনের শুল্কায়নের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার মাহাবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,বন্ডের পন্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট বন্ড কমিশনার থেকে মূলবন্ড লাইসেন্স, জেনারেলবন্ড এবং বার্ষিক আমদানি প্রাপ্যতা আমদানি সুবিধায় দাখিলকৃত সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে শুল্কায়ন সম্পন্ন করা হয়ে থাকে।