জাতীয় বীমা নীতি অনুমোদন
ইসলামিক ইন্সুরেন্সের জন্য প্রয়োজনীয় বিধিবিধান তৈরির দিক নির্দেশনা রেখে ‘জাতীয় বীমা নীতি, ২০১৪’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন,“এই পলিসিতে তিনটি অংশ আছে- প্রেক্ষাপটে বলা হয়েছে কেন করা হলো, বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জ ও সমস্যার চিত্র এবং তৃতীয়ত অ্যাকশন প্ল্যান করা হয়েছে।”
নীতির বিশেষ দিকগুলো উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে আরো বাণিজ্যিক ভিত্তিতে চালানো যায়, ইন্সুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটিকে (আইআরডিএ) আরো কীভাবে শক্তিশালী করা যায়, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবার মান উন্নয়ন করা; ইত্যাদি দিকনির্দেশনা এ নীতিতে রয়েছে।
“বীমাখাতে দক্ষ লোকবল তৈরী, বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রুপ ইন্সুরেন্স চালু করা, বীমা সচেতনতা বৃদ্ধি করা, বেসরকারী খাতে পেনশন স্কিম চালু করা, প্রমিত আচরণবিধি, অভিযোগ নিষ্পত্তি ও জাতীয় বীমা দিবস চালু করার দিকনির্দেশনা এ নীতিতে রয়েছে।”
মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন “ইসলামিক ইন্সুরেন্সের জন্য প্রয়োজনীয় বিধিবিধান তৈরী করার দিকনির্দেশনা এ নীতিতে রাখা হয়েছে।”
এ নীতি কাযকর হলে বীমা খাতে উন্নয়ন হবে এবং জীবন ও সম্পত্তি ঝূকি হ্রাসে অগ্রগতি হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিসভায় বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ উন্নয়ন ও পারস্পরিক সুরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “১৬ থেকে ১৮ জুন কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে এ চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে।”
