২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা দেবে জাপান

অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশকে ৪৭ হাজার কোটি টাকা সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 06:31 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

রোববার দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এফবিসিসিআই সভাপতি বলেন, “জাপান বাংলাদেশকে আরও ৬ বিলিয়ন ডলার বা ৪৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। দেশের অবকাঠামো খাত ও মানবসম্পদ উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।“

গত ২৫ মে চারদিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তার সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ ব্যবসায়ীদের ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদলও সেখানে যান।

ওই সফরের বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই।

কাজী আকরাম উদ্দিন বলেন,  জাপান সফরে তৈরি পোশাক ছাড়াও টেক্সটাইল, ডায়িং, সিরামিকস, তথ্যপ্রযুক্তি, হস্তশিল্প, হিমায়িত খাদ্য, চামড়া, পাট পণ্য ও পর্যটন খাত নিয়ে আলোচনা হয়েছে। জাপান এখন বাংলাদেশের এসব পণ্যের বড় বাজারে পরিণত হচ্ছে।

তিনি বলেন, “ওই সফরে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও কার্যকরী করার লক্ষ্যে জাপান-বাংলাদেশ সমন্বিত অংশীদারিত্ব শীর্ষক একটি কর্মসূচির বিষয়ে উভয় দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন। এটি দ্রুত শুরু করা হবে।”

তিনি জানান, জাপানে পোশাক রপ্তানি করে বাংলাদেশের আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। তবে ‘রুলস অফ অরিজিন’ সংক্রান্ত নিট পণ্যের জিএসপি সুবিধার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, “জাপানে বাংলাদেশে ব্যবসারত জাপানি ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা জাপানের ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন। এতে অনেক ভালোভাবে জাপানি ব্যবসায়ীরা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারা আগ্রহ দেখিয়েছেন ।

“বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণরত পর্যটকের সংখ্যার দিক থেকে জাপান বিশ্বে দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছি। আমরা তাদের বলেছি  আমাদের দেশে আসলে তোমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত এক জায়গা থেকে দেখতে পাবে, তারা বাংলাদেশের ট্যুরিজমে আগ্রহ দেখিয়েছে আমরা তাদের এ খাতে বিনিয়োগের কথা বলেছি ।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ জাপানে পোশাক রপ্তানি করেছে ৪৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০১০-১১ অর্থবছরে ২৪ কোটি ৭৫ লাখ ১০ হাজার এবং ২০১১-১২ অর্থবছরে ৪০ কোটি ৩৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে।”

বাংলাদেশ থেকে জাপান তাদের চাহিদার ১ দশমিক ৭৭ শতাংশ পোশাক আমদানি করে জানিয়ে তিনি বলেন, “যদি এই আমদানির পরিমাণ ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হয়, তবে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ছাড়িয়ে যেত। আশা করছি, এই সফরটি পোশাক শিল্পের জন্য কার্যকরী ভূমিকা রাখবে।”