২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম রিহ্যাব মেলার লোগো উন্মোচন

আগামী ১৮ জুন থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া আবাসন মেলা  ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার- ২০১৪’- এর লোগো উন্মোচন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 06:08 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রিহ্যাব নেতাদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা লোগোটি উন্মোচন করেন।

প্রতিযোগিতার মাধ্যমে সেরা হিসেবে নির্বাচিত লোগোটির নকশাকার আজিজ সোহেল।

‘গুণগত মানে আস্থা, নিশ্চিত নিরাপত্তা’ স্লোগান নিয়ে এবারের মেলা চলবে ২১ জুন পর্যন্ত। এবারের মেলার ভেন্যু চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস কমপ্লেক্স।

রিহ্যাবের চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী।

তসলিম উদ্দিন বলেন, “রিহ্যাব নেতাদের বলবো- যারা দেশের প্রচলিত আইন মানে না তাদের উৎসাহিত করবেন না। সাগর-পাহাড়ঘেরা সুন্দর শহর চট্টগ্রাম। এ শহরকে আমরা সমতল বানিয়ে ফেলেছি।

“ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তুলতে হবে। এক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।”

দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, “চট্টগ্রামের ঐতিহ্য রক্ষা করতে হবে। চট্টগ্রামের প্রকৃতির যেন ক্ষতি না হয় সেভাবে উন্নয়ন করতে হবে।”

অনুষ্ঠানে রিহ্যাব চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান বলেন, “গত তিন বছর ধরে আমরা ব্যবসায় খুব খারাপ সময় কাটাচ্ছি। তবুও আমরা শুধু ব্যবসা করছি না। সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন দায়িত্ব পালন করছি।”

তিনি বলেন, “ভবনের নকশা অনুমোদনের জন্য বেশ কয়েক বছর আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়। এখন সেটি শুধু নামেমাত্র আছে। ব্যাংক ঋণের সুদের হার ১৭ থেকে ১৮ শতাংশ। এসব সমস্যার মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে।”

অনুষ্ঠানে জানানো হয় এবার মেলা উপলক্ষে ‘বাংলাদেশে রিয়াল এস্টেট: ভবিষ্যত ও সম্ভাবনা’ শিরোনামে গোল টেবিল এবং ‘মান সম্পন্ন নির্মাণ’ শিরোনামে সেমিনারের আয়োজন করা হবে।

এছাড়া মেলা চলাকালে একদিন ‘কিডস ডে আউট’ ঘোষণা করা হবে। ওইদিন মেলায় আগত শিশুরা দিনভর খেলাধুলার সুযোগ পাবে।

আয়োজকরা জানান, এবারের মেলায় ১০০টির মতো স্টল থাকবে। এতে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি রিয়াল এস্টেট এবং লিঙ্কেজ প্রতিষ্ঠানও অংশ নেবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার হাসান ও যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের জিলানী।