২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহক ও আয় বেড়েছে রবির

এ বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) রাজস্ব আয় ও লভ্যাংশ বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার। একই সঙ্গে বেড়েছে গ্রাহকও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 07:58 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

গত বছরের শেষ তিন মাসে (চতুর্থ প্রান্তিক) প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ছিল ১ হাজার ১০০ কোটি টাকা, যা এ বছর প্রথম প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ কোটি টাকা।

বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করে এ তথ্য জানান রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) সুপুন বীরাসিংহে।

তিনি বলেন, “২০১৩ সালের চতুর্থ প্রান্তিকে রাজস্ব, ইবিআইটিডিএ (আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, ডেপ্রিসিয়েশন ও অ্যামোরটাইজেশন) এবং পিএটির (প্রফিট আফটার ট্যাক্স) মন্দা কাটিয়ে এই সাফল্য অর্জন করেছে রবি।

“সাশ্রয়ী মূল্যে দেশজুড়ে ইন্টারেনট সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় বিনিয়োগ করতে আমরা বদ্ধপরিকর।”

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “২০১৪ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন পূর্ববর্তী রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অর্থনীতি স্বাভাবিক গতি পাওয়ায় রবি এই অগ্রগতি অর্জন করেছে।”

তিনি জানান, ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকে রবির ইবিআইটিডিএ ছিল ২৯০ কোটি টাকা, যা ৫৮ দশমিক ৭ শতাংশ বেড়ে এ বছরের প্রথম প্রান্তিকে দাঁড়িয়েছে ৪৭০ কোটি টাকায়।

৩.৫জি নেটওয়ার্কের কারণে রবির জনপ্রিয়তা বাড়ায় ভয়েস ও ইন্টারনেট থেকে রাজস্ব আয় বেড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

৩.৫জি নেটওয়ার্ক ছড়িয়ে দেয়া ও স্পেকট্রাম ফির কারণে অবচয় ও অ্যামোর্টাইজেশন চার্জ বৃদ্ধি পাওয়ার পরও ইবিআইটিডিএ বৃদ্ধি পাওয়ায় নিট মুনাফা বেড়েছে। 

গত প্রান্তিকের তুলনায় রবির গ্রাহক সংখ্যা ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ২ কোটি ৩৯ লাখে দাঁড়িয়েছে বলে জানান মাহতাব উদ্দিন আহমেদ।

পূর্ববর্তী বছরের তুলনায় গ্রাহক সংখ্যা ৫০ লাখ বেড়েছে। ২০১৩ সালের প্রথম প্রান্তিক শেষে তাদের গ্রাহক ছিল ১ কোটি ৮৯ লাখ।

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “প্রতিটি নতুন সংযোগে সিমের ওপর আরোপিত কর ও বৈষম্যমূলক কর্পোরেট কর টেলিযোগাযোগ শিল্পে এখনো একটি উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।

“২০১৪ সালের প্রথম প্রান্তিকে সরকারি কোষাগারে ৪৩০ কোটি টাকার বেশি জমা দিয়েছে রবি, যা কোম্পানির মোট রাজস্বের ৩৮ শতাংশ।” 

২০১৪ সালের মার্চ পর্যন্ত ২ কোটি ৪০ লাখ গ্রাহক নিয়ে রাজস্ব বিবেচনায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি।

অনুষ্ঠানে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।