‘শ্রমিক অভিবাসনে শূন্য ফি প্রস্তাব করা হয়েছে’
শ্রমিকদের ‘শূন্য’ অভিবাসন ফি নিশ্চিত করতে অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত ১৪ থেকে ১৬ মে সুইডেনের স্টকহোমে ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)’ অনুষ্ঠিত হয়।
সভাটিতে ১৪০ টি দেশ ও ৩০ টি আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “ফোরামে শূন্য অভিবাসন ফি-এর বিষয়ে কথা হয়েছে। বেশিরভাগ অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলো একে সমর্থন জানিয়েছে। জাতি সংঘের মহাসচিব বান কি মুনও তার ভাষণে কর্মী অভিবাসন ব্যয় উল্ল্যেখযোগ্য হারে কমানোর উপরে গুরুত্বারোপ করেছেন।
“এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কর্মী অভিবাসন ব্যয় হ্রাসের জন্য বাংলাদেশের প্রচেষ্টা সফল হয়েছে। এটি এখন আর শুধু বাংলাদেশের দাবি নয়।”
এর ফলে গন্তব্য দেশগুলোতে ভিসা নিয়েছে ব্যবসার বিষয়টি নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, “ইতোমধ্যেই সরকারের প্রচেষ্টায় অভিবাসন ব্যয় অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। একজন অভিবাসন কর্মী ১৭ হাজার ৪০০ টাকায় সৌদি আরব যেতে পারছেন। অন্যদিকে জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় মাত্র ২৪ হাজার টাকায় অভিবাসন সম্ভব হচ্ছে।
“মন্ত্রণালয়ের অধীনে দক্ষ ও অদক্ষ মিলিয়ে ২২ লাখ অভিবাসনে ইচ্ছুক কর্মীর একটি ডাটাবেজ তৈরি হয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিটি কর্মী অভিবাসনের ক্ষেত্রে এই ডাটাবেজ হতে কর্মী বাছাই বাধ্যতামূলক করা হয়েছে।”
‘কুয়েতের বাজার খুলবে’
কুয়েতে বন্ধ থাকা বাংলাদেশের শ্রম বাজার পুনরায় চালুর বিষয়ে সরকারি পর্যায়ে ‘কথা চলছে’ বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
“মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একটি বড় শ্রম বাজার রয়েছে। কুয়েতের সাথেও আমরা কথা বলছি। বাজার খুব শিগগিরই খুলবে বলে আশা করি। ”
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের দেশগুলোর নজরদারির অভাবে ইতোমধ্যেই সেখানে প্রচুর অতিরিক্ত কর্মী রয়েছে। সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত নিয়ন্ত্রিতভাবে কর্মী নিতে চায়।
“অবৈধভাবে কেউ গেলে আইনগত অনেক বাধার কারণে তাদের সহযোগিতা করা সম্ভব হয় না। তাই আমরাও চাই নিয়ন্ত্রিত উপায়ে কর্মী যাক।”
