মাল্টিপল ট্যুরিজম চালুর উদ্যোগ
বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ‘মাল্টিপল ট্যুরিজম’ শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে, যা চালু হলে একই প্যাকেজের আওতায় এ তিনটি দেশ ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যা, এরকম একটি বিষয়ে আমরা উদ্যোগ শুরু করেছি। বিষয়টির সার্বিক দায়িত্ব দেয়া হয়েছে পর্যটন কর্পোরেশনকে।”
পর্যটন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা পারভেজ আলম বলেন, “অনেক দিন থেকেই এ বিষয়টি নিয়ে আলোচনা চলছিলো। সম্প্রতি এটি নিয়ে উদ্যোগ নেয়া হয়েছে। এখনো কোনো ট্যুর অপারেট করা হয় নি। তবে প্রাথমিক পলিসি গুলো কি হবে তা নিয়ে কথা চলছে।
“এটি হলে তিনটি দেশই অনেক লাভবান হবে বলে আমরা মনে করি। কারণ, ভুটান এবং নেপালে সমুদ্র নাই, আমাদের দেশে আছে। এটি বাস্তবায়ন হলে একজন পর্যটক যদি নেপালে আসেন, তাহলে একই প্যাকেজে তিনি বাংলাদেশ ও ভুটান ঘুরে যেতে পারবেন।”
তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশেই এ ধরনের মাল্টিপল ট্যুর ফ্যাসিলিটি রয়েছে। অনেক আগে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এ ধরনের একটি প্যাকেজ চালুর উদ্যোগ নেয়া হয়েছিলো কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এটি চালু হলে বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে।”
উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন ট্যুর অপারেটররাও।
ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব এর পরিচালক (টেনিং এন্ড রিসার্চ) এবং বেঙ্গল ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন বলেন, “অনেক বছর আগে ট্যুর অপারেটররাই এ ধরনের একটি প্রস্তাবনা দিয়েছিলো যাতে নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ ও মায়ানমারে মাল্টিপল ট্যুর ফ্যাসিলিটি ডেভেলপ করার কথা বলা হয়েছিলো।
‘‘এটি হলে বাংলাদেশ অবশ্যই লাভবান হবে। এখন যে পরিমাণ পর্যটক আসছে তার পরিমাণ আরো বাড়বে।”
