২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান স্পিকারের

ভারত সফররত জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের জ্বালানি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগে আহ্বান জানানোর পর, তারাও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 08:02 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

সোমবার ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রিজে’র (সিআইই) একটি প্রতিনিধি দল শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী হিসাবে বিজেপি নেতা নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে রোববার ভারত যান স্পিকার।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পিকার জ্বালানি ও কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে আলু, আমসহ প্রচুর মৌসুমী কৃষি পণ্য উৎপাদিত হয়ে থাকে। শুধু প্রক্রিয়াজাতকরণের অভাবে অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায়।

ফলে এ সকল ক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।তাই বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প বিনিয়োগের অন্যতম একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এতে নারীরা, বিশেষ করে দরিদ্র নারীরা বেশি লাভবান হবেন।”

এসময় কৃষক ও যুব শক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কার্যকরী বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন সিআইই’র প্রতিনিধিদল।

শিরীন শারমিন দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ অন্যান্য খাতে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।

সিআইআই’র প্রেসিডেন্ট অজয় এস শ্রীরামের নেতৃত্বে সংগঠনের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক এ করিম এবং কাউন্সিলর (বাণিজ্য) নাহিদ রশিদ এ সময় উপস্থিত ছিলেন।