নিউ ইয়র্কের ব্রঙ্কসে সোনালী এক্সচেঞ্জের শাখা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার এভিনিউতে সোনালী এক্সচেঞ্জের নতুন শাখা কাজ শুরু করেছে।
শুক্রবার সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি এই শাখা উদ্বোধনের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন ঘোষণা দিয়েছেন, এই শাখা থেকে প্রবাসীরা ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বিনা মাশুলে বাংলাদেশে অর্থ পাঠাতে পারবেন।
যুক্তরাষ্ট্রে সোনালি এক্সচেঞ্জের দশম এই শাখা উদ্বোধনের অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান এবং সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান উপস্থিত ছিলেন।
১৯৯৪ সাল থেকে সোনালী এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
এর অন্য নয়টি শাখা রয়েছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটান, ব্রুকলিন, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ওজনপার্ক, জ্যামাইকা, নিউ জার্সির প্যাটারসন, মিশিগানের ডেট্রয়েট, জর্জিয়ার আটলান্টায়।
ব্রঙ্কসে বাংলাবাজার এভিনিউ ঘিরে ৩০ সহস্রাধিক বাংলাদেশির বসতি। এখানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।
নতুন শাখা উদ্বোধনের পর রাষ্ট্রদূত মোমেন বলেন, “বাংলাদেশসরকার প্রবাসীদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য শেখ হাসিনার প্রচেষ্টার অন্ত নেই।”
অনুষ্ঠানে সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট শাখার ব্যবস্থাপক সাহাদত হোসেন, জ্যাকসন হাইটস শাখার ব্যবস্থাপক রাহুল রায় এবং নতুন ব্রঙ্কস শাখার ব্যবস্থাপক মজিবুল হকও ছিলেন।
