২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা আচারের পুরস্কার পেলেন আফরিনা

এবারের প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতায় বর্ষসেরা আচারের জন্য দুই লাখ টাকা পেলেন ঢাকার আফরিনা রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 12:29 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্ষসেরা আচারের পাশাপাশি টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য স্বাদ ক্যাটাগরিতে সেরা আচারের পুরস্কার দেয়া হয়। সারা দেশ থেকে দুই হাজার ৫৩২ জন প্রতিযোগীর পাঠানো ছয় হাজার ৩৯৪টি আচারের মধ্য থেকে বর্ষসেরা আচার নির্বাচিত হয় আফরিনার।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন  কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

টক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কুমিল্লার মোমেনা খাতুন, যশোরের শামসুন নাহার ও ঢাকার শিরিন বানুর আচার। মিষ্টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ঢাকার তাওসিনা তাসনিম, যশোরের ডেইজি রহমান ও ঢাকার শাহানা ইয়াসমিনের আচার।

ঝাল বিভাগে পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের জোবেদা করিম, ঢাকার রোমানা আক্তার ও যশোরের নিশাত সুলতানা। মিক্সড (অন্যান্য) বিভাগে চট্টগ্রামের নিশাত হাসেম, ঢাকার রুকসানা পারভীন ও নাসরিন হুদা পুরস্কার পেয়েছেন।

প্রতিটি বিভাগে প্রথম স্থান লাভের জন্য এক জোড়া করে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা বিমান টিকিট, দ্বিতীয়কে ল্যাপটপ এবং তৃতীয়কে আইপিএস পুরস্কার দেয়া হয়। এছাড়া বিভিন্ন বিভাগ থেকে ৩৫ জনকে শুভেচ্ছা পুরস্কার হিসাবে দেয়া হয় ডিনার সেট ও কুকার।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ইফফাত আরা নার্গিসের সার্বিক তত্ত্বাবধানে আচার প্রতিযোগিতায় বিচারকমণ্ডলির প্যানেলে ছিলেন অভিনেত্রী সাবেরী আলম, কুমকুম হাসান, শানু ও স্বাগতা, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি, রূপ বিশেষজ্ঞ আফরোজা বেগম, পুষ্টিবিদ ও রন্ধনশিল্পী রহিমা সুলতানা রিতা, সাংবাদিক ফারজানা রূপা, ক্রীড়াবিদ সামিরা জাকির জেসি এবং আরএফএল হোম মেকার অফ দি ইয়ার লিটা।