২২ বছরে এনসিসি ব্যাংক
২২ বছরে পা রাখা বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি)ব্যাংক ব্যবসা সম্প্রসারণ করে গ্রাহকদের সেবা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
শনিবার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনুদ্দিন মোনেম, অডিট কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম, পরিচালক এম এ আউয়াল, খায়রুল আলম চাকলাদারও উপস্থিত ছিলেন।
হাফিজ আহমেদ বলেন, “গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্যে কিছুটা মন্দাভাব দেখা দিয়েছিল। সেই মন্দাভাব এখনো কাটেনি। এটা কাটিয়ে উঠতে ব্যাংকের পক্ষ থেকে আমরা ব্যবসায়ীদের যথাসাধ্য সুবিধা দেয়ার চেষ্টা করছি।”
নতুন বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে এনসিসি ব্যাংকের ১০১টি শাখা রয়েছে। চলতি বছরে আরো ১০টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।
“ব্যাংক খাতে এখন তারল্য বেশি রয়েছে। সুযোগ না থাকার কারণে এ তারল্য সরকারের বন্ডে বিনিয়োগ করতে হচ্ছে। এখান থেকে যৎসামান্য মুনাফা আসে। যে কারণে ব্যাংকগুলো নতুন আমানত সংগ্রহে খুব একটা আগ্রহ পাচ্ছে না। ফলে বাধ্য হয়েই আমানতের সুদহার কমাতে হচ্ছে।”
এক প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিনিয়োগ বাড়লে নতুন আমানতের দরকার হবে। তখন প্রতিযোগিতার ভিত্তিতে ব্যাংকগুলো তাদের আমানতের সুদহার নির্ধারণ করবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বয়স্ক নাগরিকরা যেন একটু বেশি সুবিধা পান সেজন্য অবসরপ্রাপ্তদের ডিপোজিট স্কিমে কিছুটা পরিবর্তন আনার বিষয়টি ব্যাংকের বিবেচনায় রয়েছে।
নুরুন নেওয়াজ সেলিম বলেন, আসন্ন বাজেটে প্রতিষ্ঠানিক কর কিছুটা কমানো হতে পারে বলে শোনা যাচ্ছে। এটা হলে ব্যাংকের ব্যয় কিছুটা কমবে এবং ঋণের সুদের হার কিছুটা কমানো সম্ভব হবে।
আর্থিক পরিস্থিতি
২০১৩ সাল শেষে এনসিসি ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৮২২ কোটি টাকায়, বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮১৪ কোটি টাকায়, বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার কোটি টাকায়, স্থায়ী সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৩ কোটি টাকায়, মোট মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬ কোটি টাকায়।
