বেনাপোলে শুল্কায়নে প্রিপেইড পদ্ধতি চালু
বেনাপোল স্থলবন্দরে রপ্তানি পণ্য ও বন্ডের আওতায় আমদানি পণ্যের শুল্কায়নে প্রিপেইড পদ্ধতি চালু হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের পর এবার এখানেও চালু হলো এ পদ্ধতি।
বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার সৈয়দ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮মে থেকে এ ব্যবস্থা চালু হয়েছে। দ্রুততার সঙ্গে শুল্কায়ন সম্পন্ন হওয়ায় এ পদ্ধতিতে যথাযথভাবে রাজস্ব আদায় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় আমদানি পণ্যের ক্ষেত্রে প্রিপ্রেইড অ্যাকাউন্টের মাধ্যমে রাজস্ব পরিশোধ করার সুবিধা পাবে।
সনাতন পদ্ধতিতে বন্ডের আওতায় আমদানি পণ্য বা রপ্তানি পণ্যের শুল্ক পরিশোধ করতে ব্যবসায়ীদের সরাসরি ব্যাংকে উপস্থিত হতে হতো। এতে শুল্কায়নে বিলম্বের পাশাপাশি ব্যবসায়ীদের ভোগান্তিও হতো।
বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে প্রতিদিন তিন শতাধিক প্রকারের পণ্য বন্ড সুবিধায় আমদানি এবং ৫০/৬০টি পণ্যের রপ্তানি চালানের শুল্কায়ন হয়ে থাকে বলে জানান বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জামাল হোসেন।
তাদের এ অ্যাকাউন্টের বিপরীতে জমা টাকা ব্যাংকের লেজারে এন্ট্রির পাশাপাশি শুল্কভবনের তথ্যভাণ্ডারেও চলে আসবে। পণ্য আমদানি বা রপ্তানির সময় প্রতিটি চালানের বিপরীতে নির্ধারিত শুল্ক স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হবে।
শুল্ক পরিশোধের সময় অ্যাকাউন্টে শুল্কের সমপরিমাণ টাকা না থাকলে সেটি স্থগিত হয়ে যাবে। তবে পুনরায় ১৫ হাজার টাকা জমা দিয়ে তা সচল করা যাবে।
বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার(১) ফাইজুর রহমান জানান, সিএন্ডএফ এজেন্টের প্রিপ্রেইড অ্যাকাউন্টে সবসময় ন্যূনতম তিন হাজার টাকা থাকতে হবে।
কাস্টম হাউসের কমিশনারের অনুমোদন ছাড়া অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার টাকা তোলা এবং এর বিপরীতে কোনো চেক বই, এটিএম কার্ড কিংবা ডেবিট কার্ড ইস্যু করা যাবে না।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান জানান, আগে তাদের সোনালী ব্যাংকে চালান করতে গিয়ে একদিন লেগে যেত। এখন প্রিপ্রেইড সিস্টেম চালু হওয়ায় সবার জন্য ভালো হলো।
এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ন কবীর কবু জানান, প্রিপ্রেইড সিস্টেমে রাজস্ব পরিশোধ অত্যন্ত সময়োপযোগী। এতে ব্যবসায়ীদের ভোগান্তি কমার পাশাপাশি সময়ও বেঁচে যাবে।
