আগাম নির্বাচন হবে কি- জানতে চায় ব্যবসায়ীরা
রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা থেকে বাংলাদেশে বিনিয়োগে বিদেশিরা আস্থা পাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার এমসিসিসিআই ও মাছরাঙা টিভির আয়োজনে এক প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, দেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা রয়েছে কি না।
এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরও ছিলেন।
বিদেশি বিনিয়োগ না আসার জন্য আমীর খসরু সরকারের নীতিকে দায়ী করলে কিছুটা উষ্মা প্রকাশ করে অর্থমন্ত্রী বিরোধী দলের আন্দোলননের ওপর দোষারোপ করেন।
অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “গত বছর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আমাদের কাছ থেকে প্রায় ২০ শতাংশ অর্ডার বাইরে চলে গেছে।
“আমাদের বায়াররা জানতে চায়, বাংলাদেশে কি মধ্যবর্তী নির্বাচন হবে কি না, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কি না।”
সৈয়দ মনজুর এলাহী বলেন, “দেশে বিনিয়োগ না বাড়ার পেছনে মূল সমস্যা রাজনৈতিক, এ কারণে ডমেস্টিক বিনিয়োগ আসছে না, আর ডমেস্টিক বিনিয়োগ আসছে না বলে বৈদেশিক বিনিয়োগও আসছে না।”
“রাজনৈতিক স্থিতিশীলতা দিন, বিনিয়োগ হবে,” রাজনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তার সঙ্গে একমত পোষণ করে তপন চৌধুরী বলেন, “বিনিয়োগ কেন বাড়ছে না, সে উত্তর তো হয়েই গেল।”
জিএম কাদের বলেন, “বিনিয়োগের ক্ষেত্রে দেশে জমির সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে এবং রাজনৈতিক সমস্যাও আছে।”
আমীর খসরু বলেন, “সরকারের ভুল নীতির কারণে বিনিয়োগ কমছে। সরকার বিনিয়োগ বাড়িয়েছে, বেসরকারি খাতের জন্য কোনো টাকা রাখেনি। ব্যাংকগুলোত লুটপাট করা হয়েছে, টাকার অভাবে বেসরকারি বিনিয়োগ কমে গেছে।”
“দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার নেই। মানুষ জানে, এটা তাদের সরকার না। তাই মানুষ আস্থা পাচ্ছে না,” বলেন তিনি।
তার পর বক্তব্য দিতে উঠে অর্থমন্ত্রী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “আমি এ কথাগুলো বলতে চাইনি, কিন্তু বলতে হল। প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ছে না, কারণ দেশের অবোকাঠামো অনেক দিন ধরে ধ্বংস করা হয়েছে।
“তারপর যখন আমরা সব কিছু গুছিয়ে আনলাম, তখন শুরু হল মানুষ মারা, তবে এখন আমরা আস্তে আস্তে রিকভার করছি।”
