২% শেয়ারের বাধ্যবাধকতা বাতিলের রায় স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শতকরা দুই ভাগ শেয়ার রাখা বাধ্যতামূলক করে দেয়া বিধান অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেয়া রায়ে স্থগিতাদেশ এসেছে।
বিএসইসি ও এনসিসি ব্যাংকের চেয়ারম্যানের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ২২ মে পর্যন্ত ওই রায় স্থগিত করেছেন।
ওই দিন সুপ্রিম কোর্টে তাদের আবেদনের পূর্ণাঙ্গ শুনানি হবে।
বৃহস্পতিবার চেম্বার বিচারপতির আদালতে শুনানিতে বিএসইসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এনসিসি ব্যাংকের চেয়ারম্যানের পক্ষে ছিলেন ফজলে নূর তাপস।
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি ব্যাংক) উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমানের রিট আবেদনের রায়ে বুধবার হাই কোর্ট বিএসইসির ওই নির্দেশনা অবৈধ ঘোষণা করে।
তিন বছর আগে পুঁজিবাজারে ধস নামলে বাজার স্থিতিশীল করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়, তাতেই পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা আসে।
রিট আবেদনকারী বিএসইসির ওই নোটিসের ডি ও ই ধারাকে চ্যালেঞ্জ করেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বিধানের ডি’তে বলা হয়েছে, উদ্যোক্তা পরিচালকদের শতকরা দুই ভাগ শেয়ার থাকতে হবে। আর ই’তে বলা হয়েছে, এরা পরিচালক পদ ছেড়ে দিলে ৫ ভাগ আছে এমন কেউ পরিচালক হতে পারবে।
মোস্তাফিজুর রহমান ব্যাংকটির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। ওই নিয়ম কার্যকরের পর তাকে সরিয়ে দেয়া হয়েছিল।
এরপর পরিচালক পদ থেকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হলে তিনি হাই কোর্টে আসেন।
