কর কমানোর সুপারিশ টেলিকম অপারেটরদের
উচ্চ করের কারণে টেলিযোগাযোগ খাতের অগ্রগতি ব্যহত হচ্ছে দাবি করে কর কমানোর বিষয়টি বিবেচনায় আগামী বাজেট পরিকল্পনা তৈরির সুপারিশ করেছে মোবাইল অপাটেররা।
বুধবার হোটেল সোনারগাঁওয়ে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের বিষয়ে টেলিযোগাযোগ খাতের প্রস্তাবনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ জানায় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
অ্যামটব মহাসচিব টি আই এম নুরুল কবীর বলেন, “বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে শিল্পবান্ধব কর নীতির অভাব রয়েছে। মোবাইল ফোন অপারেটরগুলোর ওপর চাপিয়ে দেয়া উচ্চ করের কারণে গ্রাহক সেবা ও তৃণমূল পর্যায়ের গ্রাহকদের ওপর প্রভাব পড়ছে।”
“ সিম/রিম কার্ডের ওপর বর্তমান যে সম্পূরক শুল্ক ও ভ্যাট রয়েছে তা তুলে নেয়ার বিষয়টি সরকারের কার্যকর বিবেচনায় আনা উচিত।”
তিনি বলেন বলেন, বর্তমানে অপারেটরদের মূল্যে সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) হিসাবে প্রতি সিম ও রিম সরবরাহের জন্য ৩০০ টাকা দিতে হচ্ছে।
টেলিযোগাযোগ যন্ত্রপাতির ওপর সামঞ্জস্যপূর্ণ কাস্টমস ডিউটি আরোপের আহ্বান জানান তিনি।
মোবাইল অপারেটর রবির চিফ অপারেটিং অফিসার( সিওও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, “সিমের ওপর কর বিদ্যমান থাকায় মোবাইল ফোন ব্যবহারের ব্যয় বৃদ্ধি পায়। এতে করে সরকারের প্রাপ্ত মোট করের পরিমাণও কমে যায়।”
বর্তমানে পুজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটরের ওপর ৪০ শতাংশ এবং তালিকাভুক্ত নয় এমন মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর ওপর ৪৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স রয়েছে।
পুজিবাজারের সাধারণ তালিকাভূক্ত কোম্পানিগুলোর ওপর ২৭ দশমিক ৫ শতাংশ এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ওপর ৩৭ দশমিক ৫ শতাংশ করারোপ রয়েছে।
এ প্রসঙ্গে মাহতাবউদ্দিন আহমেদ বলেন, “ অন্য শিল্পের তুলনায় মোবাইল ফোন শিল্পের ওপর সর্বোচ্চ পরিমাণে কর্পোরেট করারোপ ভবিষ্যত বিনিয়োগের অন্যতম অন্তরায়। এর ফলে দেশের পুঁজিবাজার চাঙ্গা করতে তালিকাভূক্ত হওয়ার আগ্রহও হারাচ্ছে অপারেটরগুলো। ”
সংবাদ সম্মেলনে কর্পোরেট ট্যাক্স কমানো ও টার্নওভার ট্যাক্স বাতিল এবং ইন্টারনেট মডেম ও মেবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়।
গ্রামীণফোনের ভারপ্রাপ্ত সিএফও মাইনুর রহমান ভূইয়া, বাংলালিংকের সিএফও আহমেদ ওয়াই হালিম, এয়ারটেলের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফ এইচ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
