২% শেয়ার নিয়ে রায়ে মিশ্র প্রতিক্রিয়া
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শতকরা দুই ভাগ শেয়ার রাখা বাধ্যতামূলক করে দেয়া বিধান আদালত বাতিল করায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এই রায়ের ফলে নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হবে বলে মনে করছেন ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীরা। তবে অন্যরা মনে করছেন, এই রায়ের কোনো নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়বে না।
তিন বছর আগে পুঁজিবাজারে ধস নামলে বিনিয়োগকারীদের বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে বাজার স্থিতিশীল করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়, তাতেই পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা আসে।
এর বিরুদ্ধে এক রিট আবেদন হলে তার চূড়ান্ত শুনানি শেষে বুধবার হাই কোর্টের রায়ে উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বিধান অবৈধ ঘোষণা করা হয়।
রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশীদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হবে।
“পরিচালকরা যদি ২ শতাংশ শেয়ার ধারণ না করে, তাহলে কোম্পানির প্রতি তাদের মায়া থাকে না।”
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন মনে করেন, রায়ের প্রভাব পুঁজিবাজারে পড়বে না।
ইয়াওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে এই রায়ের খুব খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কারণ আগে তো এ আইন ছিল।”
“এর দুটি দিক আছে- কখনো কখনো এর সুযোগ নিয়ে পরিচালকরা সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে টাকা উঠিয়ে ফেলত, আবার ২ শতাংশ শেয়ার ধারণ করা ব্যাংকের পরিচালকদের জন্য খুব কষ্টকর ছিল।”
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের রায়টির ভিত্তি ছিল যে অনেক সময় পরিচালকরা কোনো শেয়ার না নিয়ে পরিচালক হিসেবে থাকতেন এবং কোম্পানির ব্যাবস্থাপনার দিকে খেয়াল রাখতেন না।
“এখন পুঁজিবাজারের বেশির ভাগই ট্রেডার, বিনিয়োগকারী খুবই কম, এই বাজারে এই রায়ের কোনো প্রভাব পড়ার কথা না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্স স্টাডিজের চেয়ারম্যান বাকি খলিলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু পরিচালকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিলেক্টেড হওয়ার কথা, সে হিসেবে হাই কোর্টের বর্তমান রায় ঠিক আছে। তবে এর সুযোগ নিয়ে আগে ম্যানিপুলেশন হয়েছে।”
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে ২০১১ সালের ২২ নভেম্বর আদেশ জারি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে।
আদেশ জারির ছয় মাসের মধ্যে এ শর্ত পূরণ করতে বলা হয়, যা শেষ হয় ২০১২ সালের ২১ মে।
২০১২ সালের ৪ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রকাশিত তালিকা অনুযায়ী, ২১ মে’র পরে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০৯টি কোম্পানির ২৩৫ জন উদ্যোক্তা, পরিচালকের ২ শতাংশের কম শেয়ার ছিল।
