জুনে চারদিনব্যাপী তথ্য-প্রযুক্তিমেলা
সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী তথ্য-প্রযুক্তিমেলা।
শনিবার সকালে রাজধানীর হোটেল রুপসী বাংলায় এক সংবাদ সম্মেলনে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ শিরোনামে মেলার লোগো উন্মোচন করেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি বিভাগ ও সফটওয়্যার ডেভেলপারদের সংগঠন বেসিসের যৌথ আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পলক বলেন, “প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি যৌথ ব্যবস্থাপনায় এতো বড় আয়োজন করা হয়েছে, যার দায়িত্ব নিয়েছে বেসিস। আমরা আশা করি, ইতিহাসের সবচেয়ে বড় সামিট করবো।”
মেলার বিভিন্ন দিক উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা মেলাটির একটি বিশেষ অংশে সরকারের সেবামূলক জায়গাগুলো সম্বন্ধে জানাতে চাই। ভিশন '২১ কে সামনে রেখে গত ৫ বছরে তথ্য ও প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা (সরকার) যে কার্যক্রম প্রতিষ্ঠা করেছি সেগুলো এখানে তুলে ধরবো।”
তিনি বলেন, "তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য এদেশে যে যথেষ্ট সুযোগ ও দক্ষ জনবল রয়েছে তাও একইসঙ্গে আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরা হবে।”
প্রতিমন্ত্রী পলক বলেন, “২০০৯ সালে স্মার্ট ফোনের ব্যাবহারকারী ছিলো ৬ শতাংশ, সেটি এখন ২৪ শতাংশে পৌছেছে। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৪ কোটি ৩০ লাখ।”
“স্মাট ফোনের ব্যাবহারের সাথে সাথে মোবাইল অ্যাপস-এর চাহিদাও বাড়ছে। এদেশে যে অ্যাপগুলো তৈরি হচ্ছে সেগুলো এ মেলায় প্রদর্শন করা হবে।”
২০১৮-১৯ সালের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফাইবার অপটিক পৌঁছে দিয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বেসিস এর মহাসচিব রাসেল টি আহমেদ বলেন, “এ আয়োজনে তিনটি এক্সপো থাকবে। এগুলো হচ্ছে সফট এক্সপো, ই-গভর্নেন্স প্রদর্শনী ও মোবাইল ইনভেনশন এক্সপো। থাকবে ৩০ টি সেমিনার ও ১০ টি টেকনিক্যাল সেশন।”
সফট এক্সপোতে ১১৭ টি এবং মোবাইল ইনভেনশন এক্সপোতে ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান তিনি।
আয়োজকরা জানান, ৭ জুন পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশ করতে কোন টাকা দিতে হবে না।
