প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব বিদ্যুৎ খাতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরের সময় বিদ্যুৎ খাতে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমার সঙ্গে এক বৈঠকে মন্ত্রী একথা জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শেখ হাসিনা আগামী ২৪ মে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন। ৫ জানুয়ারির নির্বাচনের পর টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এটাই হবে প্রথম জাপান সফর।
৩০ মে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।
জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরের সময় বাংলাদেশে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের জন্য জরুরি সহায়তা দেয়ার আহ্বান জানানো হবে।
পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও নদী খননেও জাপানি বিনিয়োগের প্রস্তাব দেয়া হবে, বলেন মুস্তফা কামাল।
বৈঠকে রাষ্ট্রদূত শিরো সাদোশিমা ভবিষ্যতে বাংলাদেশে তার দেশের বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দেন।
বিএনপির বয়কটের মধ্যে দশম সংসদ নির্বাচনে বিজয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের মতো জাপানও নতুন করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল।
তবে নির্বাচনের পর বিদেশি মন্ত্রীদের মধ্যে প্রথম বাংলাদেশ সফরে আসেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।
সে সময় নতুন বাংলাদেশকে দেয়া জাপানের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের একটি আমন্ত্রণপত্র দেন কিশিদা।
শেখ হাসিনা ২০১০ সালে সবশেষ জাপান সফর করেছিলেন।
