২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে টাটার নতুন টেম্পো ও ট্রাক

গ্রামীণ জনপদে চলাফেরা এবং মালটানার কাজে নছিমন-করিমনের ‘বিকল্প’ হিসেবে বাংলাদেশের বাজারে ভারতীয় কোম্পানি টাটা ছেড়েছে নতুন ব্র্যান্ডের টেম্পো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 09:37 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

এছাড়া পদ্মা সেতুর তৈরির সময় মাল পরিবহনের কথা মাথায় রেখে বাজারে নতুন ট্রাকও এনেছে প্রতিষ্ঠানটি।

সোমবার রাজধানীর একটি হোটেলে টাটার তৈরি ‘পদ্মা স্পেশাল টাটা ট্রাক’ এবং ‘নিতা টেম্পো’ দেশের বাজারে বিক্রির জন্য উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে টাটা পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব বলেন, “নছিমন-করিমন ইত্যাদি ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচলের ক্ষেত্রে হাইকোর্ট রুল জারি করেছে। এসব গাড়ির বিকল্প হিসেবে টাটা নিয়ে এসেছে আধুনিক নিতা টেম্পো।”

আবদুল মাতলুব বলেন, “ওইসব যানবাহন নিষিদ্ধ হওয়ায় গ্রামের মানুষের চলাফেরায় কষ্ট হবে। আবার অনেক ড্রাইভার বেকার হয়ে যাবেন।”

‘নিতা টেম্পো’ সেই ঘাটতি পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

মাতলুব জানান, টাটার সহায়তায় কিশোরগঞ্জে একটি ট্রেনিং স্কুল তৈরি করা হয়েছে, যেখানে নসিমনের অদক্ষ ড্রাইভাররা কম খরচে ড্রাইভিং শিখতে পারবেন।

বাজারে নতুন ট্রাক ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, “পদ্মা সেতু তৈরির সময় আমাদের প্রায় ছয় হাজারের মতো ট্রাক লাগবে। ‘পদ্মা স্পেশাল টাটা ট্রাক’ পদ্মা সেতু তৈরির সময় ব্যবহার করলে দেশের রাস্তাঘাটের ক্ষতি কম হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, “যদি নিটল-নিলয় গ্রুপ টাটার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে দেশেই গাড়ি তৈরি করতো তবে সেটা আরো ভালো হত।”

বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের উচিত শিল্পনীতিতে পরিবর্তন আনা। এখন গাড়ির সমস্ত যন্ত্রাংশ বাইরে থেকে আনতে হয়। দেশে তৈরি যন্ত্রাংশ কিনলে কোম্পানি ট্যাক্স সুবিধা থেকে বঞ্চিত হয়।

“দেশের নিজস্ব শিল্প গড়ে তোলার জন্য পরিবর্তন দরকার্।”

মাতলুবও তার সঙ্গে একমত পোষণ করেন। 

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের রেলওয়ে অ্যাডভাইজার এবং কাউন্সিলর চন্দ্রিমা রায়ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও এতে সাংবাদিক এবং মোটর গাড়ি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।