২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিন ব্যবহারে যাবজ্জীবনের পক্ষে আইনমন্ত্রী

ফরমালিন নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন  কারাদণ্ড করার পক্ষে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 02:24 AM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বুধবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) আয়োজিত ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৩ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মত দেন।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ফরমালিন ব্যবহারকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান।

তিনি বলেন, “গুলি করে একজন মানুষকে মারা যায়। আর এভাবে ফরমালিন দিয়ে লাখ লাখ মানুষকে মারা যায়। এ আইনের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ মৃত্যুদণ্ড।”

তার সঙ্গে দ্বিমত পোষণ করে এই আইনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে বলেন আইনমন্ত্রী।

জাতীয় সংসদের আগামী অর্থবছরের বাজেট অধিবেশনেই ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৩ পাস হতে পারে বলে আশা প্রকাশ তিনি।

২০১৩ সালে বাণিজ্য মন্ত্রণালয় এ আইনের খসড়া তৈরি করে। বর্তমানে এটি জাতীয় সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।

বর্তমানে ফরমালিন ব্যবহারের জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান আছে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী  জিএম কাদের, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শহিদুল হক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহ-সভাপতি মো. হেলাল উপস্থিত ছিলেন।