২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইনের খসড়া অনুমোদিত

মূলধনের আকার বৃদ্ধি করে ‘ইনভেস্টমেন্ট করর্পোরেশন অব বাংলাদেশ আইন’২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

‘ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ আইসিবি অর্ডিনেন্স ১৯৭৬’ বা আইসিবি অধ্যাদেশে নামের এ অধ্যাদেশকে সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলায় ভাষান্তরিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বিগত দুই সামরিক সরকারের আমলে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় অধ্যাদেশগুলো আইনে পরিবর্তন করতেই এ উদ্যোগ।

কিছুটা পরিমার্জন ও সংশোধন করে আইনটি হালনাগাদ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কিছু সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়েছে।

“নতুন সংজ্ঞায় শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা মিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক করা হয়েছে। এছাড়াও সিকিউরিটিজের সংজ্ঞাও নতুন করে সংযোজন করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে।

“ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নতুন পদ সৃষ্টি করা হয়েছে। বিদ্যমান অধ্যাদেশে আইসিবি এর অধীন সাবসিডিয়ারি কোম্পানীর প্রধান নির্বাহীর পদটি ডিজিএম, তা পরিবর্তন করে মহাব্যবস্থাপক হিসেবে সংযোজন করা হয়েছে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আগে আইসিবি অধ্যাদেশে দায়মুক্তির বিধান ছিল, তবে নতুন আইনে তা বাদ দেওয়া হয়েছে।

“অধ্যাদেশে মূলধন ছিল ৫০০ কোটি টাকা, এটা বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়েছে।

তিনি বলেন, “পরিশোধিত মূলধন (পেইডআপ ক্যাপিটাল) ৩৩৭ কোটি ৫০ লাখ টাকা ছিল, বাড়িয়ে ৪২১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে।

“একটি শেয়ারের দাম হবে ১০ টাকা।”

শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ যদি কর্পোরেশনের সম্মতি ছাড়া নামের অপব্যবহার করে শাস্তির মেয়াদ বিদ্যমান ৬ মাস বা ১ হাজার টাকা জরিমানা রয়েছে, তা বাড়িয়ে অনধিক ২ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

কর্পোরশেনের কর্মকর্তা-কর্মচারী গোপনীয়তা বা বিশ্বস্ততা ভঙ্গ করলে দুই বছরের জেল বা এক লাখ টাকা জরিমানা নতুন করে যুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন

সামরিক শাসনের আমলে অধ্যাদেশ থেকে আইনে পরিণত করতে ‘সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটি ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে আগের অধ্যাদেশ থেকে তেমন কোন পরিবর্তন হয়নি।

দুটি সামরিক শাসনামলে জারিকৃত প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিণত করার ধারাবাহিকতায় ১৯৮৬ সালের এ অধ্যাদেশ (অফিসিয়াল ভেইকেল রেগুলেশন অর্ডিনেন্স, ১৯৮৬) বাংলায় করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

“এ আইনের আওতায় বিধি প্রণয়ন করার জন্য সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে।”

বাংলাদেশ ও মিশরের মধ্যে ‘এগ্রিমেন্ট অন ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এই চুক্তির ফলে শিক্ষা, দক্ষতা ও কারিগরি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।