২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১০ কোটি  ব্যবহৃত পণ্যের অনলাইন বিজ্ঞাপন দিয়েছেন বাংলাদেশিরা

বাংলাদেশের ইন্টারব্যবহারকারীরা এ যাবতকালে সাড়ে ১০ কোটি ব্যবহৃত পণ্যের শ্রেণিভুক্ত বিজ্ঞাপন বিভিন্ন ওয়েবসাইটে দিয়েছেন বলে অনলাইনে বিজ্ঞাপন দেয়ার প্রতিষ্ঠান ওএলএক্স ডটকম এবং আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ম্যাট্রিক্সল্যাব জানিয়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েনিন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 10:16 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

দুইটি প্রতিষ্ঠান থেকে যৌথভাবে পরিচালিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে রোববার ওএলএক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ১০ কোটি ৫০ লাখ ব্যবহৃত দ্রব্যাদি তালিকাভুক্ত করেছেন।”

গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনদাতাদের চাহিদা অনুযায়ী গড়ে প্রতিটি পণ্যের মূল্য ১৪০০ টাকা বা ১৮ মার্কিন ডলার ছিল। ফলে বিজ্ঞাপিত পণ্যের  দাবিকৃত দাম ১৪ হাজার ৭০০ কোটি টাকা।   

দেশের ছয়টি বিভাগের ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার ইন্টারনেট ব্যবহারকারীদের দেয়া বিজ্ঞাপনগুলো  এই গবেষণার আওতায় আনা হয়েছে।

ওএলএক্স এর যুগ্ম প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যালেক অক্সেনফোর্ড বলেন, “ই-কমার্স বিশেষত গ্রাহক থেকে গ্রাহকের শ্রেণীভুক্ত বিক্রি এই অঞ্চলে ক্রমপ্রসারিত হচ্ছে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশের অনেক মানুষই গৃহস্থালী নানা দ্রব্য ব্যবহার করছেন, যা তারা নিজেরা আর ব্যবহার করতে চাইছেন না।’

তিনি বলেন, “আমাদের কাজে বৈদেশিক অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশে প্রাপ্ত অভিজ্ঞতাও যুক্ত হচ্ছে। আর এর মাধ্যমে আমরা ব্যবহারকারীদের মানসিকতা সম্পর্কে জানতে পারছি।”

ওএলএক্সের প্রধান কার্যালয় আর্জেন্টিনায়। ১০৫ টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। এটি ব্যবহারকারীদের ব্যবহৃত দ্রব্যাদি বিক্রির সুযোগ তৈরি করে এবং একাজে ওএলএক্স বিনামূল্যে বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা রেখেছে।

এই ওয়েবসাইটে গাড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন ও ফার্নিচার থেকে শুরু করে হোম ইলেকট্রনিকস, কম্পিউটার, কাপড়, বইসহ অসংখ্য দ্রব্যাদি বিক্রির সুযোগ রয়েছে।

ওএলএক্স বাংলাদেশে ২০১৩ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করে।