২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাতালে পাটের বস্তা ব্যবহারে ব্যবস্থা নেয়ার সুপারিশ

চাতাল মালিকদের পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করতে আইন বাস্তবায়নে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2014, 12:11 AM

Updated : 22 Aug 2022, 06:08 PM

এ লক্ষ্যে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জনসচেতনা তৈরি করতেও বলেছে কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।

২০১০ সালে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করা হয়। গত বছরে সেপ্টেম্বর মাসে বস্ত্র  ও পাট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে চাতালে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে।

সংসদীয় কমিটির সদস্য সাবিনা আক্তার তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাতালে বস্তা সব চেয়ে বেশি ব্যবহার হয় এজন্য প্রাথমিকভাবে সেখান থেকে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করতে বলা হয়েছে।”

২০১১ সালে নবম সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পাটের ব্যাগ ব্যবহারে আবশ্যিকভাবে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও বিএডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোতে বার্তা পাঠানোর সুপারিশ করে।

বর্তমানে দেশে পাটের বস্তার চাহিদা ৬ থেকে ৭ কোটি পিস। সবক্ষেত্রে এর ব্যবহার শুরু হলে চাহিদা বেড়ে গিয়ে দাঁড়াবে প্রায় ৫০ কোটি পিস।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জানানো হয় যে, গত ২০১৩-২০১৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় বস্ত ও পাট ১২১ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কমিটি এই খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থবছরে বরাদ্দ বাড়ানোর  সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনে লোকবল নিয়োগসহ বিদ্যমান জনবল ব্যবহার করে উৎপাদন বাড়ানোর সুপারিশ করা হয়।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে কাজ করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, মো. এনামুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সাবিনা আক্তার তুহিন অংশ নেন।