বিদেশি মুদ্রায় ব্যাংক গ্যারান্টির জন্য অনুমোদন লাগবে না
আন্তর্জাতিক দরপত্রের সরকারি প্রকল্পে কাজ করতে স্থানীয় ঠিকাদারদের বিদেশি মুদ্রায় ব্যাংক গ্যারান্টি দিতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের একটি সার্কুলারে একথা বলা হয়েছে।
সরকার যেসব প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সেসব প্রকল্পের প্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার সক্ষমতা আছে কি না তা প্রমাণের জন্য ঠিকাদারদের বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি দিতে হয়।
এসব প্রকল্পে কাজ পাওয়া স্থানীয় ঠিকাদারদেরও বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি দিতে হয়। এজন্য বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন নিতে হতো।
সার্কুলারে বলা হয়েছে, “এখন থেকে এ ধরনের কোনো কাজ স্থানীয় ঠিকাদাররা পেলে তার বিড বন্ড, পারফরম্যান্স বন্ড বা গ্যারান্টি বৈদেশিক মুদ্রায় দিতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না।”
