২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ব্যাংক বিনিয়োগ চান আবাসন ব্যবসায়ীরা

আবাসন খাতে বিনিয়োগ  ‘নিরাপদ’ দাবি করে ব্যাংকগুলোর আরো অর্থায়ন প্রত্যাশা করেছেন এই খাতের ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 01:06 AM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘নিরাপদ এবং সম্ভাবনাময় বিনিয়োগ : বাংলাদেশ আবসান খাত’ শীর্ষক এক আলোচনা সভায় এই প্রত্যাশার কথা জানানো হয়।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মশিউর রহমান ছিলেন প্রধান অতিথি।

রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম হোসেন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সেমিনার ও ট্রেনিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শফিক রহমান।

এতে বলা হয়, “আবাসন খাতে ব্যাংক বিক্রয় মূল্যের ওপর মাত্র ৩০ শতাংশ আর্থায়ন করে। সব থেকে খারাপ অবস্থাতেও আবাসন খাতে ব্যাংকের বিনিয়োগ করা ‍এ টাকা ফেরত আসবে। কারণ সময়ের সঙ্গে এর মূল্য বৃদ্ধি পায়।”

রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান জানান, বাংলাদেশের জিডিপিতে রিয়েল এস্টেট ডেভেলপারদের অবদান প্রায় ১২ দশমিক ১২ শতাংশ।

“সরকারের সঠিক নীতি ও অর্থনৈতিক সহায়তা পাওয়া গেলে এই অবদানের হার দুইগুণ বৃদ্ধি পেয়ে ২৫ শতাংশে উপনীত হবে।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এক কে সুর চৌধুরী আবাসন খাতে বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে সুদের হারের দিকে লক্ষ্য রাখতে বলেন।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে গত বাজেটে আবাসন খাতে পুনঃঅর্থায়নের সুযোগ দেয়া হয়েছিল। তবে নতুন করে পুনঃঅর্থায়নের সুযোগ সৃষ্টি করা বাংলাদেশ ব্যাংকের পক্ষে সম্ভব নয়।

“কারণ পুনঃঅর্থায়নের ব্যবস্থা করলে তা মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করে। মূল্যস্ফীতির চাপ কমলে ভবিষ্যতে পুনঃঅর্থায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে,” আশ্বাস দেন ডেপুটি গভর্নর।

মূল প্রবন্ধে বলা হয়, আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ২০০ এর বেশি ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প টিকে আছে। এ শিল্পগুলোর ৭০ শতাংশ পণ্য রিয়েল এস্টেট ডেভেলপাররা ব্যবহার করেন।

এছাড়া স্টিল মিলস, সিমেন্ট, স্যানিটারি টাইলসের মতো আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে বাণিজ্যিক ব্যাংক প্রায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলেও জানানো হয়।

দেশে আবাসনের চাহিদা সম্পর্কে বলা হয়, শহরাঞ্চলে বছরে আবাসনের চাহিদা রয়েছে প্রায় ৩০ হাজার ইউনিট। আগামী পাঁচ বছরে এই চাহিদা ৬০ হাজার ইউনিট ছাড়িয়ে যাবে।

চাহিদার তুলনায় মাত্র ৫০ শতাংশ আবাসনের অবদান এই খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বলে মূল প্রবন্ধে তুলে ধরা হয়।