২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ জন কারখানা পরিদর্শক নিয়োগ দিল পিএসসি

কলকারখানা পরিদর্শক হিসেবে ২৫ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 07:56 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার এসব পরিদর্শক নিয়োগ দেওয়া হয় বলে জানান শ্রম সচিব মিকাইল শিপার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম ধাপে ২৫ জন পরিদর্শক নিয়োগ করেছে পিএসসি। পর্যায়ক্রমে দ্রুততার সাথে আরো ১৭৫ জন পরিদর্শক নিয়োগ করা হবে।”

এসব নিয়োগের অনেক কাজ পিএসসি ইতিমধ্যে শেষ করে ফেলেছে বলেও জানান শ্রম সচিব।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার পর তা পুনরুদ্ধারে ২০০ কারখানা পরিদর্শক নিয়োগ দেয়াসহ ১৫টি শর্ত দেয় দেশটি।

ইতিমধ্যে ১৩টি শর্ত সরকার বাস্তবায়ন করেছে বলে বিভিন্ন সময়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন।

শ্রমিকদের ডাটাবেইজ তৈরি ও ইপিজেডে শ্রমিকদের ট্রেড ইউন্য়িন করার সুযোগ দেয়ার শর্ত এখনো পূরণ হয়নি।

তবে এই দুটি শর্তের মধ্যে খুব শিগগিরই ডাটাবেইজ তৈরির কাজ শেষ করে শ্রম মন্ত্রনালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেছেন, “এছাড়া ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর জন্য সময় লাগবে। যেটি আমরা যুক্তরাষ্ট্রসহ সংশ্লিস্ট অন্যান্যদের বোঝাতে সক্ষম হয়েছি।”