‘বিশ্ব বিনিয়োগের কেন্দ্র হবে বাংলাদেশ’
ভবিষ্যতে বাংলাদেশে বিশ্ব বিনিয়োগের অন্যতম নিয়ামক হিসেবে থাকতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের ইউনান প্রদেশের গভর্নর লি জিনেং।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এই আগ্রহ দেখান বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
“ইউনান প্রদেশের গভর্নর বলেছেন, বাংলাদেশ আগামীতে বিশ্ব বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। এক্ষেত্রে ইউনান প্রদেশ নিয়ামক ভূমিকা পালন করতে চায়।” ইউনান প্রদেশের রাজধানী কুমবিংয়ে আগামী জুনে অনুষ্ঠিতব্য ‘চায়না-সাউথ এশিয়া এক্সপো’তে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র শেখ হাসিনার হাতে তুলে দেন লি জেনিং।
মাহবুবুল হক জানান, চায়না-সাউথ এশিয়া এক্সপো’তে আমন্ত্রণ জানানোর জন্য লি জেনিংকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এই এক্সপো’তে উপস্থিত থাকার চেষ্টা করবেন বলেও বলেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, এই এক্সপো বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ব্যবসা সম্প্রসারণের সুবর্ণ সুযোগ। সফররত ইউনান প্রদেশের গভর্ণর বাংলাদেশের আতিথিয়তার প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। ইউনানকে বাংলাদেশের ‘নেক্সট ডোর নেইবার’ হিসাবে উল্লেখ করে লি জেনিং ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের কথা স্মরণ করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান ইউনানের গভর্ণর বলেন, চীন বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলো এবং আগামীতেও থাকবে। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব এবং জনগণের জন্য তার অঙ্গীকারের জন্যই বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ ৬ ভাগের ওপর প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে বলেও উল্লেখ করেন লি জেনিং।
বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা এবং উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য চীনের সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। এছাড়ও বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে পাঁচ জানুয়ারির নির্বাচনের জন্য চীন যেভাবে সমর্থন ও সহযোগিতা দিয়েছে সেজন্যও প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১০ সালের পর বাংলাদেশ ও ইউনানের মধ্যে ব্যবসা-বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিনগুলোতে তা অব্যাহত থাকবে। নিখোজ মালয়েশিয়ান এয়ারলাইন্সে থাকা চীনের নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রকাশ করেন শেখ হাসিনা। নিখোজ ওই বিমানের খোজে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলোও তুলে ধরেন প্রধানমন্ত্রী। লি জেনিং বলেন, মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোজ বিমানের খোজে বাংলাদেশ সরকারে পদক্ষেপের কথা চীন অবহিত আছে। এজন্য, চীনের জনগণ ও সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউনান প্রদেশের গভর্নর। মিয়ানমারের ওপর দিয়ে বাংলাদেশ ও উইনানের মধ্যে সড়ক ও রেল যোগোযোগের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, এতে করে ব্যবসা-বাণিজ্য বাড়বে। বিসিআইএম অর্থনৈতিক করিডোরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই করিডোর বাস্তবায়ন হলে চারটি দেশই লাভবান হবে। ঢাকা ও কুমবিংয়ের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইটের কথা উল্লেখ করে শেখ হাসিনা চট্টগ্রাম ও কুমবিংয়ের মধ্যে সরাসরি যোগাযোগর ওপরও গুরুত্বারোপ করেন। মাহবুবুল হক শাকিল বলেন, “এসময়, লি জেনিং বলেন,‘ চট্টগ্রাম ও কুমিবিং সিস্টার সিটি হয়ে গেছে’।” গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগ, প্রতিরক্ষা, তথ্য-প্রযুক্তি ও অবকাঠামোতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আগামীতেও তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। সাক্ষাতকালে মাহবুবুল হক শাকিল ছাড়াও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মূখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জুনসহ উইনান প্রদেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
