'পোশাক শিল্প নিয়ে সরকার ঠিক পথে এগুচ্ছে'
পোশাক শিল্পের কর্ম পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘ঠিক’ পথে এগুচ্ছে বলেই মনে করছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা।
মঙ্গলবার সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা এ মত প্রকাশ করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, “প্রতিনিধি দলের সদস্যগণ পোশাকশিল্প শ্রমিকদের স্বার্থ রক্ষায় কর্মস্থলের সুষ্ঠু পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং বলেন বাংলাদেশ ঠিক পথেই এগুচ্ছে।”
জ্যঁ ল্যামবার্টের নেতৃত্বে সফররত ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপিয়ান পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট এবং অ্যালায়েন্স অফ ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি।
সাক্ষাতের সময় স্পিকার প্রতিনিধিদলকে দশম জাতীয় সংসদের কার্যক্রম অবহিত করে বলেন, বিরোধী দল জনস্বার্থ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়াদি সংসদে তুলে ধরছে। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যরাও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কথা বলছেন। এতে করে সংসদ প্রাণবন্তভাবে চলছে।
বাংলাদেশে পোশাক শিল্পে কর্মস্থল ও শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, পোশাক শিল্পে শ্রমিকদের কর্ম পরিবেশের উন্নয়ন ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।
পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরী নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে শিরীন শারমিন বলেন, “শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকল্পে শ্রম আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।”
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আয়োজনে স্পিকারের কোনো ভূমিকা আছে কিনা তা প্রতিনিধি দল জানতে চেয়েছে।”
“এর জবাবে আমি বলেছি, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে স্পিকার ভূমিকা রাখতে পারে। এর বাইরে কোনো উদ্যোগ রাজনৈতিক দলগুলোর নিজস্ব বিষয়।”
এছাড়া নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে বাংলাদেশ সরকারের নানা পদক্ষেপ ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তুলে ধরেন স্পিকার বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা এ সময় উপস্থিত ছিলেন।
