২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইইউ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 07:21 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ উদ্বেগের কথা তুলে ধরেন চার সদস্যের ওই প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্ট।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতি, ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন চালু, ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ল্যামবার্ট জানান, “অনেকগুলো ইস্যুর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে।

“এবিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জনসাধারণের, বিশেষ করে সংসদ সদস্যদের মধ্যে উদ্বেগ রয়েছে।”

তৈরি পোশাক শিল্পের নিরাপত্তার ক্ষেত্রে বেশকিছু বিষয়ে অগ্রগতির কথা স্বীকার করে শিগগিরই নিজেদের পর্যবেক্ষণের প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ল্যামবার্ট বলেন, “বাংলাদেশের পোশাক খাতের নিরাপত্তার মান বাড়ানোর মূল কাজটি এখানকার উদ্যোক্তাদেরই করতে হবে। তবে ক্রেতারাও এর দায়িত্ব এড়াতে পারে না। আমরা সেবিষয়টিও দেখব।”

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “রানা প্লাজা ধসের পরে তাদের সাথে আমাদের যেসব বিষয়ে আলোচনা হয়েছিল- তার অগ্রগতি জানতে চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।”

কলকারখানা পরিদর্শক নিয়োগ, ডাটাবেইজ চালু ও ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু ছাড়া বাকি সব কাজ শেষ হয়েছে বল তিনি প্রতিনিধি দলকে জানিয়েছেন।

তোফায়েল বলেন, “পিএসসি খুব শিগগিরিই পরিদর্শক নিয়োগ দেবে। আগামী ২৭ তারিখ শ্রম মন্ত্রণালয় ডাটাবেইজ চালুর কাজ উদ্বোধন করবে। তবে ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়টি যে একটু সময়সাপেক্ষ- তা তাদের বোঝানো সম্ভব হয়েছে।”

বাংলাদেশের মোট রপ্তানির ৫৬ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়। প্রায় ৩০ বিলিয়ন ডলারের এই রপ্তানি আয়ের ৮০ শতাংশই তৈরি পোশাক রপ্তানি থেকে আসে।

রাজনীতিবিদ হিসেবে তার কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, “আমি তাদের বলেছি, ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করা ছিলো আমাদের জন্য বাধ্যবাধকতা। সেজন্য আমরা বিরোধী দলকে আলোচনা-সংলাপে ডেকেছি। তারা (বিরোধীদল) তা গ্রহণ করেনি।

“সরকার নির্বাচন অনুষ্ঠান করেছে। আগামী ৫ বছরের জন্য জনসাধারণ সরকারকে নির্বাচিত করেছে। এখন দেশের অবস্থা স্বাভাবিক। স্থানীয় সরকার নির্বাচনে সব দল অংশ নিচ্ছে।”

বৈঠকে প্রতিনিধি দলের সদস্য গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপিয়ান পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট ও অ্যালায়েন্স অফ ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইউলিয়াম হানাও উপস্থিত ছিলেন।

সফরে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিসহ সামাজিক-অথনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রী, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রতিনিধি দলটি আলোচনা করার কথা রয়েছে।

দুদিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ছাড়বেন ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল।