২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসবাবপত্র রপ্তানিতে নগদ সহায়তার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকার আসবাবপত্র রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 08:03 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার রাজধানীতে আসবাবপত্র ও গৃহসজ্জা পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, “নির্দিষ্ট অঞ্চল ও এক পণ্যের ওপর থেকে রপ্তানি আয়ের নির্ভরতা কাটাতে পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। রপ্তানি খাতে সরকার এখন আর এক পণ্যের ওপর নির্ভরশীল থাকতে চায় না।

“বাংলাদেশ পণ্য সম্প্রসারণের যে উদ্যোগ নিয়েছে তাতে আসবাবপত্র একটি উল্লেখযোগ্য খাত হতে পারে। এখাতে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।”

শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যপী ওই প্রদর্শনী আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা টিকেটে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ আসবাবপত্র রপ্তানিকারক সমিতি (বিএফইএ), বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট), বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজেডিপিএমইএ), বাংলাদেশ আসবাবপত্র শিল্প মালিক সমিতি (বিএএফআইওএ) ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার যৌথভাবে এ প্রদশর্নীর আয়োজন করেছে।

আসবাবপত্র, ঘর সাজানোর উপকরণ তৈরির প্রতিষ্ঠান ও বহুমুখী পাট পণ্যের উৎপাদনকারী ৫১টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।

বাংলাদেশের বছরে প্রায় ৩০ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ মূলত কয়েকটি দেশে কেন্দ্রীভূত এই বাজারে কোনো বিপর্যয় হলে তা বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হয়।

এই প্রেক্ষিতে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে সর্বাধিক গুরুত্ব দেয়ার বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, “পণ্য বাজার সম্প্রসারণের জন্য আমরা লাতিন আমেরিকার দেশগুলোতে যাব। ব্রাজিল আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, চিলিও দেবে।

“অন্য দেশগুলো দিতে না চাইলে তাদের সঙ্গে আমরা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করব। বাংলাদেশে তাদের রপ্তানির মত তেমন কিছু নেই। কিন্তু পোশাক রপ্তানিতে ভাল করতে পারব।”

বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে দাবি করে তোফায়েল বলেন, “এখন আমাদের একটাই বাধা। সেটা হল রাজনৈতিক অস্থিরতা। তবে ব্যবসার সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়।”

হরতাল অবরোধ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাজনীতিবিদরা হরতাল-অবরোধ করেছেন ঠিকই, কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে কেবল জনগণের।

বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলালউদ্দিন বলেন,“রাজনৈতিক অস্থিরতায় সকল খাত ক্ষতির মুখে পড়েছে। তাই পোশাক খাতে যেমন সহায়তা দেওয়া দরকার, তেমনি অন্য খাতও সহায়তা পাওয়ার দাবি রাখে।”

আসবাবপত্র রপ্তানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান বলেন, “দক্ষ জনবল ও নকশাকার তৈরির জন্য এখন একটি ইনস্টিটিউট করা প্রয়োজন।”

বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল করিম মুন্না পাট পণ্যের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “পৃথিবীর বহু দেশে এখন প্রাকৃতিক তন্তু ব্যবহারের প্রবণতা বাড়ছে। এজন্য পাটের সুদিন আবার ফিরবে। তবে বাংলাদেশের পাটকলগুলোর যন্ত্রপাতি আধুনিক করা দরকার।”

তিনি বলেন,“কাঁচা পাট রপ্তানি করলে প্রতি টনে ৫৫০ ডলার মেলে। পাট সুতা রপ্তানি করলে মেলে এক হাজার থেকে ১২০০ ডলার। সাধারণ পাট পণ্য রপ্তানি করলে ১৫০০-১৭০০ ডলার পাওয়া যায়। আর বহুমুখী পাট পণ্য রপ্তানি করে প্রতি টনে চার হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়।”

ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবছরের সাত মাসে আসবাবপত্র রপ্তানি থেকে ২৫ মিলিয়ন ডলার আয় হয়েছে। আগের বছরের চেয়ে যা প্রায় ৩২ শতাংশ বেশি। এখাতে ২৫ লক্ষ লোক কাজ করছে।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশিস বসু, বাংলাক্রাফট’র সভাপতি এসইউ হায়দার, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহি পরিচালক খন্দকার মোখলেসুর রহমান বক্তব্য রাখেন।