ক্যাটালিস্টের বাজার উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপ শুরু
প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষের উপার্জন বাড়ানোর লক্ষ্য নিয়ে ক্যাটালিস্টের বাজার উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপের যাত্রা শুরু হলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার লেকশোর হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মার্কার এহমান তৃতীয় পর্যায়ের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, তারা এ প্রকল্পের মাধ্যমে আগামী তিনবছরে ১৪ লাখ ৩০ হাজার কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার কাছে পৌঁছাতে চান।
এই জনগোষ্ঠীর উপার্জন ২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে উন্নীত করাই তাদের প্রধান লক্ষ্য বলে তিনি জানান।
তিনি বলেন, ক্যাটালিস্টের আগের কার্যক্রমের দারুণ সাফল্য বাংলাদেশের কৃষি ব্যবসা উন্নয়নের ধারণাটিই বদলে দিয়েছে। এরই ধারাবাহিকতায় ক্যাটালিস্টের তৃতীয় পর্যায়েও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভুমিকা রাখবে।
অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরী, ড্যানিডার উর্ধ্বতন কর্মকর্তা আরিফুর রহমান সিদ্দিকী এবং সুইস-কনট্যাক্ট এর দক্ষিন এশীয় অঞ্চলের পরিচালক মনীশ পান্ডে প্রমুখ।
