রাজধানীতে রিহ্যাব মেলা শুরু
আবাসন নির্মাতাদের সংগঠন রিহ্যাবের আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা ‘রিহ্যাব ফেয়ার-২০১৪’।
বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব ফেয়ার-২০১৪’ উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের আবাসন শিল্প নিয়ে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।।
এসময় নিজের দায়িত্ব পালনকারী মন্ত্রণালয়ের নানা দিক তুলে ধরতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “লোড শেডিংয়ের কারণে বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হয় না। বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমস্যা হলে সাময়িকভাবে বিদ্যুতের বিভ্রাট দেখা দেয় ।”
সাধারণত প্রতিবছর নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আবাসন খাতের সবচেয়ে বড় এ মেলার আয়োজন করা হয়। গত ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতার কারণে এবার মেলা দেরিতে শুরু করতে হয়েছে।
ঢাকায় রিহ্যাবের চতুর্দশতম মেলায় মোট ১৫৫টি স্টল রয়েছে। অর্থলগ্নিকারীসহ আবাসন খাত সংশ্লিষ্ট মোট ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়।
বৃহস্পতিবার থেকে ২৪ মার্চ পর্যন্ত এ মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় একবার প্রবেশের মূল্য ৫০ টাকা। তবে কেউ যদি পাঁচদিনই যেতে চান তবে ১০০ টাকা মূল্যের ‘মাল্টিপল টিকেট’ কিনে যতোবার খুশি মেলার প্রবেশ করতে পারবেন।
