বিমানে আসছে ‘রাঙা প্রভাত’
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং-৭৭৭ ‘রাঙা প্রভাত’ ঢাকায় পৌঁছবে আগামী রোববার।
বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তাসনিম আখতার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২২ মার্চ উড়োজাহাজটি ঢাকার পথে রওনা হয়ে পরদিন পৌঁছবে।
উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে আসবে। তা আনার প্রক্রিয়ার জন্য বিমানের একটি প্রতিনিধি দল দেশটিতে রয়েছে বলে জানান তাসনিম।
গত ফেব্রুয়ারিতে বিমানের বহরে যুক্ত হয় ‘আকাশ প্রদীপ’ নামের একটি উড়োজাহাজ। আর বিমানের প্রথম ও দ্বিতীয় বোয়িং-৭৭৭ ‘পালকি’ ও ‘অরুণ আলো’ বহরে যুক্ত হয় ২০১১ সালে।
বহরের আধুনিকায়নে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তির আওতায় বোয়িং থেকে মোট ১০টি উড়োজাহাজ কেনার কথা।
এর মধ্যে চারটি বোয়িং-৭৭৭, দুটি বোয়িং-৭৩৭ এবং চারটি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। চুক্তি অনুযায়ী সর্বশেষ ড্রিমলাইনার উড়োজাহাজটি ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বহরে যোগ হওয়ার কথা।
