২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসবাবের প্রদর্শনী শুরু হচ্ছে রোববার

আসবাবপত্র এবং এ খাতের বিভিন্ন পণ্যের প্রদর্শনী ‘বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকর এক্সপো ২০১৪’ শুরু হচ্ছে রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 08:02 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত থাকবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক ও প্রদর্শনীর আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুর রৌফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, বাংলাক্রাফট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির যৌথ আয়োজনে এই প্রদর্শনী হবে।

এই আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টার।

এবারের আয়োজনে ৫১টি প্রতিষ্ঠান অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।