পদ্মা সিমেন্ট: শেয়ারধারীরা আবেদন করছেন
অবলুপ্ত পদ্মা সিমেন্টের শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের অংশ পেতে কোম্পানির অফিসিয়াল লিকুইডেটর ব্যারিস্টার মোকছেদুল ইসলামের কাছে আবেদন করছেন।
তবে বুধবার দুপুর পর্যন্ত অবলুপ্ত এই প্রতিষ্ঠানটির সাবেক কোনো কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বা অন্য কোনো পাওনাদার যোগাযোগ করেনি।
মোকছেদুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “অবলুপ্ত পদ্মা সিমেন্টের আট কোটি টাকা সম্পদের জন্য কোন দাবিদার আমার সঙ্গে যোগাযোগ বা আবেদন করেনি।”
তবে বুধবার তিনি তার ওই বক্তব্য সংশোধন করে বলেন, “আমি দাবিদার বলতে বুঝিয়েছিলাম, ঋণ প্রদানকারী ব্যাংক- আর্থিক প্রতিষ্ঠান, সরকার বা অন্য কোনো পাওনাদার।
“এদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, তবে শেয়ারহোল্ডাররা প্রায় সবাই যোগাযোগ করেছেন।”
ব্যারিস্টার মোকছেদের বক্তব্যের ভিত্তিতে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশ হয় যে অবলুপ্ত এই কোম্পানির সম্পদের দাবিদার মিলছে না।
বুধবার দুপুর ৩টার দিকে ব্যারিস্টার মোকছেদুল নিজে টেলিফোন করে বলেন, “আমার অফিসের সামনে এখন প্রায় হাজার দুই শেয়ারহোল্ডার দাড়িয়ে আছে।”
শেয়ারহোল্ডাররা কোন হিসাবের ভিত্তিতে টাকা পাবেন- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সেটা আমি বলতে পারছি না। আদালত ঠিক করবে।”
মাহমুদুল হক নামের মশিউর সিকিউরিটিজের একজন বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৬ মার্চ আমি আমার নামের সাত হাজার পদ্মা সিমেন্টের সমস্ত কাগজপত্র মোকছেদুল ইসলামের কাছে জমা দিয়েছি।”
তার সঙ্গে আরো অনেকেই শেয়ার থাকার প্রমাণ মোকছেদুল ইসলামের কাছে জমা দিয়েছেন বলে জানান তিনি।
পুঁজিবাজারে থাকা পদ্মা সিমেন্ট লিমিটেড দুই বছর আগে অবলুপ্ত হয়। এর সম্পত্তির কোনো দাবিদার কিংবা পাওনাদারদের ১৫ দিনের মধ্যে যোগাযোগ করতে গত ৬ মার্চ সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।
পুঁজিবাজারে ২০০২ সালে তালিকাভুক্ত হয়েছিল পদ্মা সিমেন্ট। পরিচালকদের সিদ্ধান্তে কোম্পানির অবলুপ্তকরণ প্রক্রিয়া শুরু হয় ২০১২ সালের নভেম্বরে।
ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসইর) তথ্যে দেখা যায়, ২০০২ সালে কোম্পানিটি মুনাফা করলেও ২০১০ সাল পর্যন্ত টানা লোকসানে ছিল। অবলুপ্ত করার আগের বছর হঠাৎ করে লাভ দেখায় কোম্পানিটি।
দশ টাকা অভিহিত মূল্যের পদ্মা সিমেন্টের সর্বশেষ লেনদেন হয়েছিল (ওটিসি মার্কেট) ২০১৩ সালের ২০ জানুয়ারি। ঐ দিন এর দর ছিল ৩ টাকা ২০ পয়সা।
২০০৯ সালে বাজার যখন চাঙ্গা ছিল তখন পদ্মা সিমেন্টের দাম ৪০ টাকা ছাড়িয়ে গিয়েছিল।
আলোচিত পদ্মা সিমেন্টের সম্পত্তির দাবিদার ‘নেই’
