২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলের শেষে টিকফার প্রথম বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া আলোচিত বাণিজ্য সহযোগিতা চুক্তি ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্টের (টিকফা) প্রথম বৈঠকটি এপ্রিলের শেষ সপ্তাহে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 11:23 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার অর্থনীতি প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে নিজ কার্যালয়ে সাক্ষাতের সময় এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, “বৈঠকটি ৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে আমরা এটা ২০ তারিখে করতে চেয়েছিলাম।”

“ওইদিন আবার আমেরিকার সংশ্লিষ্টদের সময় হচ্ছে না। এজন্য উভয়পক্ষ মিলে এপ্রিলের ২৭ তারিখ বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে।”

দুই দিনের এ বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশে বামদলগুলোর বিরোধিতার মধ্যেই গত বছরের ২৫ নভেম্বর টিকফা সই করে দুই দেশ।

এর আগে গত বছরের ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনআর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে টিকফা সইয়ের খসড়ায় অনুমোদন দেয়া হয়।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে তোফায়েল আহমেদ বলেন, “বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অনেক, বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করতে তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

চলতি অর্থবছর তিন হাজার ৫০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বছরশেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় হবে।”