২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার নিম্নমুখী

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারের সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 04:45 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯১ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ২৯৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৬১ কোটি টাকা কম।

গত তিন সপ্তাহে ডিএসইতে ১২৫ পয়েন্ট সূচক কমেছে, দৈনিক গড় লেনদেন ৫০৭ কোটি থেকে ৪১১ কোটিতে নেমেছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা কমে ২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৯৩ পয়েন্ট কমে ৮ হাজার ৯৩৮ পয়েন্ট হয়েছে।

গত তিন সপ্তাহে ২৫৭ পয়েন্ট সূচক কমেছে সিএসইতে, দৈনিক গড় লেনদেন ৪৬ কোটি টাকা থেকে ৩৮ কোটি টাকায় নেমেছে।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৯২টির দাম বেড়েছে, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট কমে এক হাজার ৬৫৬ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ৬৪ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৪১১ কোটি টাকা।

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমার বিষয়ে ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশি বিনিয়োগ কমে গেছে, ব্যাংকগুলোর বিনিয়োগ করার ক্ষমতা আগের চেয়ে কমেছে এবং এখনো প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে না।

“একারণে বাজারে লেনদেন ও সূচক কমছে।”

লিন্ড বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ড বাংলাদেশ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য গত বছরের লভ্যাংশ ঘোষণা করেছে।

২০১৩ সালের জন্য সর্বশেষ ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি এবছর ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সব মিলিয়ে তারা এ বছর ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামী ৮ মে সকালে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এর জন্য ২৫ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছরে লিন্ড বাংলাদেশ লিমিটডেরে ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৪৮ টাকা ৫৫ পয়সা।