বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল বন্দর থেকে চুরি হওয়া পণ্য উদ্ধার না হওয়ায় ভারতের পেট্রাপোলের ট্রাক শ্রমিকরা পরিবহন বন্ধ রাখায় দুদেশের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।
বুধবার সকাল থেকেই আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আগে আসা ২১৪টি ট্রাক বেনাপোল বন্দরে পণ্য খালাশ করে দুপুর পর্যন্ত ওপারে ফেরত গেছে বলে জানান বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার পরিদর্শক মনিরুজ্জামান।
ভারতীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (আইএনটিইউ) সাধারণ সম্পাদক প্রদীপ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে ফেব্রিক্সের একটি চালান নিয়ে ভারতীয় একটি ট্রাক বেনাপোল বন্দরে আসে। চালানটির আমদানিকারক ঢাকার স্মৃতি এন্টারপ্রাইজ।
“ট্রাকে ৫০ কার্টন ফেব্রিক্স ছিল। পরদিন ট্রাক থেকে এক কার্টন ফেব্রিক্স চুরি হয়ে যায়। চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য বন্দর কর্তৃপক্ষকে মঙ্গলবার পর্যস্ত সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু এ সময়ে মধ্যে কার্টনটি উদ্ধার না হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।”
বন্দরে পণ্যের একশ ভাগ নিরাপত্তা না দেওয়া পর্যন্ত ট্রাক শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ রাখবে বলে জানান তিনি।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) আনোয়ার হোসেন মল্লিক বলেন, “চুরির বিষয়টি আমাকে কেউ লিখিত বা মৌখিক ভাবেও জানায়নি। তবে, আমদানি-রপ্তানি বন্ধ হওয়ার পর বিষয়টি আমি শুনেছি।”
বিষয়টি নিয়ে ওপারের ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন জানিয়ে বলেন, “আশা করছি খুব দ্রুত আমদানি রপ্তানি চালু হবে।”
বেনাপোল সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, “বন্দরে প্রতিনিয়ত এ জাতীয় চুরির ঘটনা ঘটেই চলেছে। ওপারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা পণ্যের শতভাগ নিরাপত্তা না দেওয়া পর্যন্ত বন্দরে ট্রাক ঢোকাবে না বলে জানিয়ে দিয়েছে।”
