ভারত-বাংলাদেশ নবম বাণিজ্য আলোচনা বুধবার
বাংলাদেশ ও ভারতের মধ্যেকার বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের নবম বৈঠক বুধবার ঢাকায় শুরু হচ্ছে।
দুই দিনের এই বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য বিষয়ক (দক্ষিণ এশিয়া) যুগ্ম সচিব অরবিন্দ মেহতা।
আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারী।
ওয়ার্কিং গ্রুপের সবশেষ বৈঠকটি গত বছর জুনে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়।
ঢাকায় ভারতের হাইকমিশন জানিয়েছে, এবারের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হতে পারে।
পাশাপাশি সীমান্ত বাণিজ্য বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, তথ্য বিনিময়ের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, পণ্যের মান পরীক্ষার সুবিধা বাড়ানো এবং বাণিজ্যের বাধাগুলো কিভাবে দূর করা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে হাইকমিশন।
দুই বছর আগে ২৫টি ছাড়া বাংলাদেশের প্রায় সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয় ভারত। এরপর ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ মিলিয়ন ডলারে।
গত অর্থবছর ভারতে ৪৯৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় বাংলাদেশ থেকে।
ওই সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের। এর মধ্যে ভারত ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশে।
