ফের আটকে গেল বেক্সিমকোর ‘শেয়ার কেলেঙ্কারি’ মামলা
আঠার বছর আগে শেয়ার কেলেঙ্কারির ঘটনায় বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য শুরু হলেও উচ্চ আদালতের স্থগিতাদেশে তা আবার আটকে গেছে।
গত চার বছরে কয়েক দফা আদেশের পরও আসামিপক্ষ উচ্চ আদালতের স্থগিতাদেশের নথি বিচারিক আদালতে হাজির না করায় সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিনের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার বাদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক পরিচালক এমএ রশিদ খানের আংশিক জবানবন্দিও শোনেন বিচারক। কিন্তু আসামিপক্ষ উচ্চ আদালতের স্থগিতাদেশের নথি দাখিল করলে আবার আটকে যায় ১৭ বছর আগের এ মামলার বিচার কার্যক্রম।
সোমবার সকালে এ মামলার ধার্য দিনে আসামিপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, এ মামলার কার্যক্রমের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। এ কারণে সাক্ষ্যগ্রহণ শুরু না করে সময় দেয়ার আবেদন করেন তিনি। আদালত তা নাকচ করে বাদির সাক্ষ্য শোনার আদেশ দেন।
মামলার তিন আসামি বেক্সিমকো ফার্মার চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ডি এইচ খান আদালতে হাজির না থাকায় তাদের পলাতক দেখিয়েই সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক।
আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন থাকলেও বিচারক তা নামঞ্জুর করেন।
এমএ রশিদ খানের আংশিক জবানবন্দি উপস্থাপনের পর মোশারফ হোসেন কাজল উচ্চ আদালতের স্থগিতাদেশ দাখিলের জন্য সময়ের আবেদন করলে বিচারক দুই দিনের মধ্যে তা দাখিলের আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ এপ্রিল মামলার পরবর্তী তারিখ রাখেন।
কিন্তু মোশারফ হোসেন কাজল ২০১১ সালে হাই কোর্টের দেয়া একটি স্থগিতাদেশের অনুলিপি বিকালেই মহানগর দায়রা জজ আদালতে দাখিল করলে এ মামলার বিচার কার্যক্রম আবার স্থগিত হয়ে যায়।
১৯৯৬ সালের কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ১৫টি প্রতিষ্ঠান ও ৩৬ জনের বিরুদ্ধে মামলা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এর মধ্যে ১৯৯৭ সালের ২ এপ্রিল দায়ের করা এ মামলায় বেক্সিমকো ফার্মার দুই মালিকসহ ওই তিনজনের বিরুদ্ধে এই মামলা করেন এমএ রশিদ খান।
মামলা হওয়ার পরদিনই হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান আসামিরা।
পরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্তে শেয়ার কারসাজির ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতার ‘প্রমাণ’ পাওয়া গেলে ১৯৯৯ সালের মার্চে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। এরপর উচ্চ আদালতের আদেশে মামলার কার্যক্রম ঝুলে যায়।
