২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফটওয়্যার শিল্প: উদ্যোগ কম, তবুও আশা

তথ্য-প্রযুক্তি খাতে সম্ভাবনা থকলেও ‘যথেষ্ট’ সুফল পাচ্ছে না বাংলাদেশ। মূলত উদ্যোগের অভাবকেই এর কারণ হিসাবে দেখা হচ্ছে।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 10:26 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত উদ্যোগ থাকলেও দেশে এ খাতের বড় কোম্পানি গড়ে না ওঠায় পেশাদাররা বিদেশে চলে যাচ্ছেন।

পরিসংখ্যানও বলছে সে কথাই। প্রায় দেড় দশক ধরে বাংলাদেশ থেকে এক বিলিয়ন ডলারের তথ্য-প্রযুক্তি পণ্য রপ্তানি হওয়ার স্বপ্ন দেখা হচ্ছে। তবে এতদিনেও এর ধারেকাছে যাওয়া যায়নি, বর্তমানে রপ্তানির পরিমাণ ‘স্বপ্নের’ এক-দশমাংশ।

গত অর্থবছরে (২০১২-২০১৩) বাংলাদেশ থেকে তথ্য-প্রযুক্তি পণ্য রপ্তানি হয়েছে ১০ কোটি ১৬ লাখ ডলারের, যা মোট রপ্তানির দশমিক ৩৮ শতাংশ। তবে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪৩ শতাংশ।

এই প্রবৃদ্ধি দিয়ে ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব নয় বলে মনে করেন বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম।

তার মতে, “লক্ষ্যে পৌঁছাতে হলে অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও বাজারজাতকরণে সরকারি ও বেসরকারিভাবে বাড়তি মনযোগ দিতে হবে।”

প্রায় একই কথা বললেন সফটওয়্যার প্রোগ্রামার মামুন আহমেদ। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে ‘ফ্রি ল্যান্সার’ হিসাবে কাজ করছেন।

মামুন জানালেন, তিনি মূলত মোবাইল অ্যাপ তৈরি করেন, যা থেকে মাসে তার আয় হচ্ছে ৮০ হাজার টাকা। নিজেকে সফটওয়্যার প্রোগ্রামার হিসেবে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন।

সফটওয়্যার খাতে তার মতো এমন স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে দেশে এমন লোকের সংখ্যা প্রায় দুই লাখ।

চার বছর ধরে সফটওয়্যার ডেভেলপের সঙ্গে যুক্ত এই প্রোগ্রামার প্রতিবন্ধকতার কথা তুলে ধরে বলেন, “সফটওয়্যার বিক্রির আগে অ্যাপস স্টোরে সফটওয়্যার আপলোড করতে হয়। এজন্য ডেভেলপার অ্যাকাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্ট খুলতে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হয়। কিন্তু বাংলাদেশ থেকে এ ধরনের ফি পরিশোধের প্রক্রিয়া বেশ জটিল।

আরেকজন সফটওয়্যার প্রোগ্রামার শান্তনু জামান মনে করেন, “বাংলাদেশে তথ্য-প্রযুক্তি পেশায় আগ্রহীদের অভাব নেই। কর্মক্ষেত্রে এদের অনেকেই ভালো করছেন। কিন্তু উদ্যোগের অভাবে এখাত থেকে ‘যথেষ্ঠ’ সুফল পাচ্ছে না বাংলাদেশ।”

তার মতে, এ খাতে উদ্যোক্তার অভাব রয়েছে।

“আইটি খাতে আউটসোর্সিং খুবই জনপ্রিয়। কিন্তু বাংলাদেশে আউটসোর্সিংয়ের জন্য বড় বড় কোম্পানি গড়ে ওঠেনি। যেটুক হচ্ছে তার বেশিরভাগই ব্যক্তি উদ্যোগে। আবার দেশীয় বড় কোম্পানির অভাবে দেশের ‘ভালো ভালো’ পেশাদাররাও বিদেশে চলেও যাচ্ছেন।”

সম্প্রতি সফটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিস ‘ওয়ান বাংলাদেশ’ রূপকল্পে ২০১৮ সালের মধ্যে তথ্য-প্রযুক্তি পণ্য রপ্তানি একশ’ ডলারে নিয়ে যাওয়া এবং আইটি পেশাদারের সংখ্যা ১০ লাখ করার কর্মসূচি ঘোষণা করেছে।

বেসিসের সাবেক সভাপতি এ নিয়ে যথেষ্ট আশা না দেখলেও ‘চ্যালেঞ্জ’ পেরিয়ে ২০১৮ সালের মধ্যে লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদী বর্তমান সভাপতি শামীম আহসান।

তিনি বলেন, “অবকাঠামোর অভাব রয়েছে, ইন্টারনেটের মূল্য কমিয়ে আনা দরকার এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিংয়ের জন্য বিনিয়োগ প্রয়োজন।

“১ বিলিয়ন ডলার রপ্তানি করতে হলে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। এরমধ্যে বেসরকারিভাবে অর্ধেক এবং বাকিটা সরকারকে করতে হবে। সরকার তো এখন ব্র্যান্ডিংয়ের জন্য ২ কোটি টাকাও ইনভেস্ট করে না।”

বেসিসের সদস্য প্রায় ৭০০ কোম্পানি তথ্য-প্রযুক্তি ব্যবসা করছে।

রপ্তানি বাড়ানোর জন্য দেশের কোম্পানিগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ এসেছে সফটওয়্যার রপ্তানি ও তথ্য-প্রযুক্তি উন্নয়নে গঠিত টাস্কফোর্সের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর কাছ থেকেও।

“আমাদের কোম্পানিগুলো খুব ছোট ছোট। কাজ দিতে চাওয়া বিদেশিরা অনেক সময়ই ছোট কোম্পানির বিষয়ে আগ্রহী হয় না। আরেকটা হলো- আমাদের কোম্পানিগুলোর যেহেতু অপরচুনিটি কম, সেইজন্য তারা সবকিছুই করে এবং তাদের ব্রোশিওরেও বলে যে, আমরা সবই করতে পারি। এটাতেই ওরা (বিদেশিরা) সন্দিহান হয়ে পড়ে যে, কোম্পানিগুলো যা বলছে তা ঠিক কি না।”

আউটসোর্সিংয়ে বাংলাদেশিরা ‘ভালো করলেও’ বিদেশে ‘বড় কাজ’ করার অভিজ্ঞতা দেশীয় কোম্পানির নেই বলে মনে করেন জামিলুর রেজা চৌধুরী।

বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের পক্ষ থেকে সহযোগিতা যা দেয়ার তা সবসময়ই দেয়া হচ্ছে। নির্দিষ্ট কোনও এরিয়াতে সহয়তা যদি লাগে তাও আমরা দেবো। তবে উনাদের (বেসিস) বলতে হবে কোথায় কি ধরনের সহযোগিতা লাগবে।”

৩০০ থেকে ৪০০ কোটি টাকার অভ্যন্তরীণ আইটি বাজারেরও প্রায় ৭০ শতাংশ বিদেশি কোম্পানির দখলে বলে জানান হাবিবুল্লাহ এন করিম।

তিনি বলেন, দাতাদের অর্থায়নে জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশনে দেশিয় কোম্পানিগুলো কাজ পাচ্ছে না। কারণ বিশ্ব ব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংকের নীতিমালা অনুসারে ক্রয় আদেশ মেনে কাজ করার মতো আর্থিকভাবে সক্ষম কোম্পানি এখনো দেশে গড়ে ওঠেনি।

“তবে সরকার নীতিমালা শিথিল করে এসব কাজে দেশিয় কোম্পানি অর্ন্তভুক্ত করলে এ খাতের উপকার হবে।”