চট্টগ্রামে বাণিজ্যমেলা শুরু
চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
শনিবার বিকালে চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
২২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সহযোগী দেশ হিসেবে রয়েছে থাইল্যান্ড। এছাড়া ভারত, চীন ও ইরানের ব্যবসায়ীরাও এতে অংশ নিচ্ছেন।
এবারের মেলায় ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল অংশ নিচ্ছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সবকিছুই নির্ভর করে রাজনীতির ওপর। রাজনীতিকে যেন আমরা অর্থনীতি থেকে আলাদা না করি।
“আমরা একজন হয়তো আওয়ামী লীগ করি, আরেকজন বিএনপি করি। কিন্তু অর্থনীতির প্রশ্নে আমরা এক। আমরা দুপক্ষই মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করি।”
ব্যবসায়ীদের সমস্যা নিরসনে ‘পরামর্শ কমিটি’ গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “দুয়েক দিনের মধ্যেই ২৬-২৭ সদস্যের এই পরামর্শ কমিটি করা হবে।”
তোফায়েল জানান, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও অর্থমন্ত্রী ওই কমিটিতে থাকবেন।
“অর্থ মন্ত্রণালয়ে পরামর্শ কমিটির সভা করে ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যার সমাধানে বাস্তব পদক্ষেপ নেয়া হবে”, বলেন দ্বিতীয়বারের মতো বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া তোফায়েল।
অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, চট্টগ্রামে শিল্প কারখানা কমে গেছে। সব এখন ঢাকা ও এর আশেপাশের এলাকাভিত্তিক।
মিরসরাইয়ে প্রস্তাবিত ‘ইকোনোমিক জোনে’ বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের জমি বরাদ্দে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন ইঞ্জিনিয়ারে মোশাররফ হোসেন।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। এর প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা।
মেলার নিরাপত্তার জন্য র্যাব-পুলিশের অস্থায়ী ক্যাম্প এবং ফায়ার সার্ভিসের একটি গাড়ি রয়েছে। আর্থিক লেনদেনের জন্য ইউনিয়ন ব্যাংকের একটি বিশেষ শাখাও থাকছে মেলা প্রাঙ্গণে।
মেলা চলাকালীন বাণিজ্য সংক্রান্ত কয়েকটি সেমিনার ও গোলটেবিল বৈঠক করার পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স।
মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রথমবারের মত দর্শনার্থীরা ওয়াইফাই সুবিধা ব্যবহার করতে পারবেন।
