হবিগঞ্জে প্রাণ-আরএফএলের শিল্পপার্ক উদ্বোধন
হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের শিল্পপার্ক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার শিল্পাপার্কের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “ব্যক্তি মালিকানায় হবিগঞ্জে শিল্পাঞ্চল হয়েছে। এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সব শর্তই পূরণ করা সম্ভব। এ নিয়ে সংসদে আলোচনা করতে পারব।”
কৃষিক্ষেত্রে প্রাণের কর্মকাণ্ডের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের প্রশংসাও করেন তিনি।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সংসদ সদস্য মো. আবু জাহির, মাহবুব আলী, জেলা প্রশাসক জয়নাল আবেদীন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
শিল্পপার্কের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক মো. ইলিয়াস মৃধা অনুষ্ঠানে জানান, এডিবি, ডিইজি ইডিসিসহ দেশি কয়েকটি প্রতিষ্ঠানের অর্থায়নে প্রায় ২০০ একর জমিতে এ পার্ক গড়ে তোলা হয়েছে।
এখানে লিকুইড গ্লুকোজ প্ল্যান্টসহ ফ্ল্যাক্সিবল প্যাকেজিং, প্লাস্টিক পণ্য, পিভিসি দরজা, বাইসাইকেল, বৈদ্যুতিক কেবল, কাচ ও সিরামিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করা হবে।
পার্কটি সচল রাখতে ৩০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুতকেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুলও নির্মাণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
কারখানাগুলো পুরোপুরি চালু হলে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে ইলিয়াস মৃধা জানান।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে প্রাণের ১৩টি কারখানায় ৪৫ হাজার নারী-পুরুষ কাজ করছেন। আর এসব কারখানায় কাঁচামাল সরবরাহ করছেন ৭৮ হাজার কৃষক।
বিশ্বের ১০২টি দেশে রপ্তানি হচ্ছে প্রাণ-আরএফএল এর পণ্য। রপ্তানীক্ষেত্রে অবদানের জন্য ১০বার শ্রেষ্ঠ জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে এই গ্রুপ।
