২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড্ডা আর বেচাকেনায় জমজমাট প্রযুক্তি মেলা

রাজধানীর যমুনা ফিউচার পার্কে সেলিব্রেটিদের সঙ্গে আড্ডা আর চমকপ্রদ সব প্রযুক্তিপণ্য কেনাবেচার মধ্যে দিয়ে জমে উঠেছে মোবাইল ও কম্পিউটার পণ্যের মেলা ‘বিসিএসআই সিটি ওয়ার্ল্ড ২০১৪’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 10:46 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার যমুনা ফিউচার পার্কে সাপ্তাহিক ছুটি থাকলেও এর লেভেল-৪ এ মেলায় ক্রেতা-দর্শনার্থীর কমতি ছিল না।

মেলার আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতির উপব্যবস্থাপক তোজাম্মেল উদ্দীন শিকদার জানালেন প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার দর্শনার্থী আসছেন মেলায়।

“মেলায় সব বয়সী দর্শনার্থীর মানুষের পদচারণা থাকলও তরুণরাই বেশি। তরুণদের পছন্দ হাল ফ্যাশন, উচ্চ গতি ও সর্বাধিক সুবিধাসম্পন্ন স্মার্ট ফোন, ল্যাপটপ আর ট্যাবলেট।”

ছোটরা গেমিং জোনে আর শিক্ষার্থীরা ‘ডিজিটাল এডুকেশন জোনে’ ঢুঁ মেরে তথ্যপ্রযুক্তির অভিনব সেবা ও উপকরণ দেখছেন, বলেন তিনি।

তোজাম্মেল বলেন, “কম্পিউটার ও মোবাইলসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের সর্বশেষ সংস্করণের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে মেলায়। প্রায় সব পণ্যেই মিলছে ছাড়, উপহার।”

সব মিলিয়ে বিকিকিনি ভালো হচ্ছে, দাবি তার।

মেলায় বৈচিত্র্যময় নানা আয়োজন যোগাচ্ছে দর্শনার্থীদের বিনোদনের খোরাক। ইভেন্ট কর্নারে সেলিব্রেটিদের সঙ্গে জম্পেস আড্ডা দিচ্ছেন দর্শনার্থীরা।

প্রদর্শনীর সমান্তরালে চলছে ভার্চুয়াল ওয়েব ফেয়ার। ঘরে বসেই এতে অনলাইনে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকই।

মেলায় প্রবেশমূল্য ২০ টাকা ধরা হলেও স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকেটে প্রবেশ করতে পারছে ।

মেলা উপলক্ষে যমুনা ফিউচার পার্কের বিভিন্ন সেবায় ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এ প্রদর্শনী আয়োজনে কম্পিউটার সমিতিকে সহযোগিতা দিচ্ছে। পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ বাংলা ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজনের মিডিয়া পার্টনার।

২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলা শেষ হবে ৮ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা প্রদর্শনী চলছে।